প্রতিবেদন: নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে ভারতের পরাজয়ের পরে অধিনায়ক শুভমন গিল এবং অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা নজরে রয়েছেন। রবিবার ইন্দোরের শেষ ওয়ানডে ম্যাচে যেভাবে আউট হয়েছেন শুভমন গিল তা এখন সমালোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। আবার নিজের খারাপ পারফরম্যান্সের কারণে চর্চায় রয়েছেন জাদেজা। এই দুই খেলোয়াড়ই নিউজিল্যান্ডের বিপক্ষে টি২০ ইন্টারন্যাশনাল সিরিজে ভারতীয় দলে নেই। গিলকে নির্বাচনই করা হয়নি, অন্যদিকে জাদেজা টি২০ ইন্টারন্যাশনাল থেকে অবসর নিয়ে নিয়েছেন। এহেন পরিস্থিতিতে দুজনেরই বাইশ গজে নিজেদের করিশ্মা দেখানোর আরও এক সুযোগ এখনও বর্তমান।
জানা যাচ্ছে, গিল ও জাদেজা দুজনেরই খারাপ পারফরম্যান্সের জেরে একেবারেই খুশি নয় বিসিসিআই। এর জন্য শাস্তি পাবেন ও গিল এবং জাদেজা। ইতিমধ্যেই গিল ও জাদেজাকে ঘরোয়া ক্রিকেট খেলার নির্দেশ দেওয়া হয়েছে। একটি আন্তর্জাতিক ক্রিকেট ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুসারে, বিশেষ কিছু পরিবর্তন না হলে দুজনেরই রনজি(Ranji Trophy) খেলা নিশ্চিত। ২২ জানুয়ারি থেকে রাজকোটে শুরু হওয়া রনজি ম্যাচে খেলতে পারেন দুজনেই। পাঞ্জাবের তরফ থেকে গিল এবং সৌরাষ্ট্রে জাদেজার খেলার সম্ভাবনা আছে।
ভারতের টেস্ট এবং ওয়ানডে অধিনায়ক শুভমন গিল এই রনজি(Ranji Trophy) সিজনে একটিও ম্যাচ খেলেননি এখনও পর্যন্ত। রনজি ম্যাচের প্রথম হাফের সময় তিনি ভারতীয় দলের ম্যাচে ব্যস্ত ছিলেন। পাশাপাশি ঘাড়ে চোটের জন্য রিহ্যাবিলেশনে ছিলেন। এর মধ্যে তিনি যদি সৌরাষ্ট্রের বিরুদ্ধে খেলতে নামেন তবে এটাই তার প্রথম রনজি ম্যাচ হবে।
অন্যদিকে, রবীন্দ্র জাদেজা এই সিজনে সৌরাষ্ট্রের হয়ে একটি রনজি ম্যাচ খেলেছেন। যদিও টেস্ট ক্রিকেটে ব্যাট এবং বল দুইয়েই পারফরম্যান্স ঠিক আছে কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেটে খুবই খারাপ পরিস্থিতি। ওয়ানডে ক্রিকেটে ব্যাট বা বল কোনোটাই সাথ দিচ্ছে না তাঁর। বিগত ২ বছরে জাদেজা ভারতীয় দলের ১৩টি ওয়ানডে ম্যাচে মোটে ১২টি উইকেট নিতে পেরেছেন।
নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে গিলের রান যথাক্রমে ৫৬, ৫৬ এবং ২৩। প্রশ্ন উঠবেই, আদৌ কি ওয়ানডেতে ভারতের নেতৃত্ব দেওয়ার জন্য তৈরি তিনি? কারণ, এর আগে রোহিত-কোহলি-ধোনিরা সামনে থাকে নেতৃত্ব দিতেন। ফিল্ডিংয়ের সময় উদ্বুদ্ধ করতেন। সঙ্গে রান করতেন। গিল দু’টোর কোনওটাই করছেন না। অন্যদিকে, ৩৭ বছর বয়সি জাদেজা তিন ম্যাচে ২৩ ওভার বল করেছেন। ১৪১ রান দিলেও উইকেটশূন্য ছিলেন। পাশাপাশি মাত্র ৪৩ রান করেন। এই সিরিজের পর কিন্তু জাদেজার ওয়ানডে ভবিষ্যৎ নিয়ে কথা উঠতে বাধ্য। পিছনে অক্ষর প্যাটেলের মতো ক্রিকেটার সুযোগের অপেক্ষা করছেন।




