নন্দীগ্রাম: বিধানসভা ভোটের আগে নন্দীগ্রামকে ঘিরে ফের রাজনৈতিক পারদ চড়তে শুরু করেছে। নন্দীগ্রামে বৃহস্পতিবার স্বাস্থ্য শিবির(Health Camp) পরিদর্শনে যাচ্ছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী ১৫ দিন ধরে নন্দীগ্রাম ১ ও নন্দীগ্রাম ২ ব্লকে চলবে এই বিশেষ স্বাস্থ্য পরিষেবা কর্মসূচি।
তৃণমূল সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার শহিদ পরিবারের সদস্যদের হাত দিয়ে এই স্বাস্থ্য শিবিরের(Health Camp) আনুষ্ঠানিক উদ্বোধন হবে। এরপর দুপুরে দু’টি ব্লকের শিবির ঘুরে দেখবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। স্বাস্থ্য পরিষেবা নিতে আসা সাধারণ মানুষের সঙ্গে কথা বলবেন তিনি এবং পরিষেবার মান খতিয়ে দেখবেন।
ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে মেগা স্বাস্থ্য পরিষেবা প্রকল্প চালু করেছিলেন, সেই মডেলেই নন্দীগ্রামে এই উদ্যোগ নেওয়া হয়েছে। বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, প্রাথমিক চিকিৎসা, ওষুধ বিতরণ এবং বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ দেওয়া হবে এই শিবিরগুলিতে। এই কর্মসূচির প্রস্তুতি শুরু হয়েছে গত ৫ জানুয়ারি থেকেই। নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের দায়িত্বে রয়েছেন দলের মুখপাত্র ঋজু দত্ত এবং নন্দীগ্রাম ২ নম্বর ব্লকের দায়িত্বে রয়েছেন কলকাতার ১০৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষ। ব্লক স্তরে সাংগঠনিক কাজকর্ম তদারকির জন্য গঠন করা হয়েছে কোর কমিটিও।
স্বাস্থ্য শিবিরের মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌঁছে সরকারের বিভিন্ন সামাজিক প্রকল্পের বার্তাও তুলে ধরতে চাইছে তৃণমূল নেতৃত্ব অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্য শিবির কর্মসূচি৷ এই কর্মসূচি শুধু একটি সামাজিক পরিষেবা উদ্যোগ নয়, বরং তা তৃণমূল কংগ্রেসের নির্বাচনী রণকৌশলের গুরুত্বপূর্ণ অঙ্গ সেই কথাই এখন শোনা যাচ্ছে রাজনৈতিক মহলে।




