নদিয়া: রাস্তা নির্মাণের মেগা প্রকল্পের সূচনা করতে নদিয়ায় হাজির হয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।(Mamata Banerjee) সেখানেই জনসভা থেকে ফের কেন্দ্রকে তুলোধনা মমতার। এই জনসভা থেকেই এসআইআর নিয়ে চক্রান্ত সহ কেন্দ্রের বঞ্চনা নিয়ে মোদী সরকারকে একহাত নিলেন মমতা। বৃহস্পতিবার কৃষ্ণনগরের সভা থেকে মুখ্যমন্ত্রী নির্বাচন কমিশনের বিরুদ্ধে আরও একবার আক্রমণ শানান।
কৃষ্ণনগরের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) সতর্কতার সুরে বলেন, ”বাংলাকে আমি হাতের তালুর মধ্যে রাখি। কারণ আমি এ রাজ্যকে চিনি। আমি ভোট চাইতে আসিনি। এসআইআর-এর কাগজ ফিলাপ করুন, দিল্লি থেকে ওদের লোক পাঠিয়েছে। ওদের বলা হয়েছে দেড় কোটি নাম বাতিল করতে হবে। একটা নাম বাতিল করতে দেব না, ধর্না দিয়ে বসে থাকব, কারও নাম বাদ গেলে।”
এসআইআর প্রক্রিয়া অপরিকল্পিত। সম্প্রতি বারবার এই অভিযোগ তুলে সরব হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে অভয় বার্তা দিয়ে সাধারণ মানুষকে তাঁর বার্তা, কোনও ভোটারকে হেয়ারিং প্রক্রিয়ায় ডাকা হলে তিনি যেন যান। যা কাগজপত্র আছে, তা নিয়েই যেতে বলেছেন তিনি। কোনও ডকুমেন্টের দরকার হলে সরকার ও দল সাহায্য করবে। তাঁর কথায়, ” সরকারের তরফ থেকে মে আই হেল্প ইউ ক্যাম্প করা হবে। প্রতি গ্রাম পঞ্চায়েতে সেই বুথ হবে। সেখান থেকে সব সাহায্য পাওয়া যাবে।”




