উলুবেড়িয়া: শনিবারের প্রথম জনসভা হাওড়ার উলুবেড়িয়ায় হাজির হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল প্রার্থী ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, গুলসান মল্লিক, বিমল দাস ও পুলক রায়ের সমর্থনে তাঁর এই জনসভা মমতার। এই জনসভা থেকেই সংসদে কেন্দ্রের মহিলা বিল যে ধাক্কা খেয়েছে তা নিয়ে সুর চড়া করলেন মমতা।
উলুবেড়িয়া পূর্বে পাঁচলা নেতাজি সঙ্ঘের মাঠের জনসভা থেকে মমতা বলেন, ‘‘ডিলিমিটেশন চেয়েছিল। দেশভাগ করতে চেয়েছিল। বিল এনে মহিলাদের আসন দিতে হয় না আমাদের। লোকসভায় নির্বাচিত মহিলা সাংসদদের সংখ্যা ৩৬ শতাংশ। রাজ্যসভায় ৪৬ শতাংশ। এমন আর কোথাও নেই। বিজেপির শিক্ষা নেওয়া উচিত। মহিলা সংরক্ষণের জন্য ৯৮ সাল থেকে আমি লড়ছি।’’
মহিলা বিল নিয়ে সংসদে কেন্দ্র যে ধাক্কা খেয়েছে তা নিয়ে কটাক্ষ করে মমতা বলেন, ‘‘বিজেপির পতন শুরু হয়ে গিয়েছে। বিজেপিকে আমরা হারিয়েছি। মুখে ঝামা ঘষে দেওয়া হয়েছে। একক সংখ্যাগরিষ্ঠতা তো নেই। অন্যের সমর্থনে কুর্সিতে বসে আছে। সব যাবে।’’ তিনি এই মর্মে হুঙ্কার দিয়ে বলেন, ‘‘বিজেপির কাজ করতে যারা এসেছে, তাদের বলে রাখছি। বিজেপি কাল থাকবে না। মানুষ বদলা নেবে।’’




