সবং: পশ্চিম মেদিনীপুরের সবংয়ে তৃণমূল কংগ্রেসের জনসভা থেকে বিজেপির বিরুদ্ধে ফের তীব্র আক্রমণ শানালেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার তেমাথানী পল্লিশ্রী রাইস মিল মাঠে দলীয় প্রার্থী মানস রঞ্জন ভুঁইয়ার সমর্থনে আয়োজিত এই সভায় তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর উদ্দেশ্যে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দেন।
সভায় বক্তব্য রাখতে গিয়ে অভিষেক এক মহিলার হেনস্থার অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেন। তাঁর দাবি, সাথী গোড়াই কুইলা নামে এক মহিলাকে তাঁর দুই বছরের সন্তানের সামনে ভয় দেখানো হয়েছে। এই ঘটনার তীব্র নিন্দা করে তিনি বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় উদার হতে পারেন, কিন্তু আমি উদার নই।”
অভিষেক জানান, ঘটনার বিরুদ্ধে ইতিমধ্যেই অভিযোগ দায়ের হয়েছে এবং একজন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি তিনি অভিযুক্তদের নাম প্রকাশ্যে এনে বলেন, ভোটের পর তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তাঁর হুঁশিয়ারি, “৪ তারিখ সরকার গঠনের পর যদি দোষীদের শাস্তি দিতে না পারি, তাহলে আমার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় নয়।”
বিজেপিকে আক্রমণ করতে গিয়ে তিনি সিপিএম আমলের প্রসঙ্গ টেনে আনেন। তাঁর অভিযোগ, সেই সময়ের ‘হার্মাদ’ বাহিনীর অনেক সদস্য এখন বিজেপিতে যোগ দিয়েছে এবং একই ধরনের রাজনৈতিক সন্ত্রাস চালাচ্ছে। তিনি দাবি করেন, অতীতে বিরোধীদের উপর যেভাবে অত্যাচার হতো, বর্তমানে বিজেপিও সেই পথেই হাঁটছে।
অমিত শাহকে উদ্দেশ্য করে অভিষেক বলেন, “যদি সাহস থাকে, তাহলে ৪ তারিখ কলকাতায় থাকুন। মানুষই জবাব দেবে।” তাঁর এই মন্তব্য ঘিরে রাজনৈতিক উত্তেজনা আরও বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে নারী নির্যাতনের অভিযোগকে সামনে রেখে ভোটের পর কঠোর পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।




