স্বরূপনগর: এসআইআরে বহু মানুষের নাম বাদের তালিকায়। বারবার এ নিয়ে সরব হয়েছেন জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফের শুক্রবার স্বরূপনগরে তেঁতুলিয়ার হাইস্কুল ফুটবল মাঠের জনসভা থেকে ভোটার তালিকায় নাম বাদ নিয়ে গর্জে উঠলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সভা থেকে জানালেন, “এসআইআরে ৯০ লক্ষ মানুষের নাম বাদ গিয়েছে, তার মধ্যে নাকি ৬০ লক্ষই হিন্দু, আর ৩০ লক্ষ মুসলমান”।
কমিশন ও বিজেপিকে একাধারে নিশানা করে এদিনের সভা থেকে মমতা বলেন, ”সুপ্রিম কোর্টের রায় ছিল কাগজপত্র দিয়ে ট্রাইবুনালে আবেদন করতে পারবেন। কিন্তু এখনও ট্রাইবুনালের কাজই শুরু হয়নি। তার মধ্যে চৈত্রমাসের সেল হয়ে গিয়েছে সব। ৯০ লক্ষ মানুষের নাম বাদ গিয়েছে, তার মধ্যে নাকি ৬০ লক্ষই হিন্দু, আর ৩০ লক্ষ মুসলমান। খবরের কাগজে দেখলাম। এই বিষয়ে ব্লক স্তরে সমীক্ষার পর তৃণমূলের তরফে যা বলার বলা হবে”
অসমের প্রসঙ্গ টেনে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ”দেশের কোনও এজেন্সি সব বিজেপি পক্ষ- সবাইকে কিনে নিয়েছে। আর চৈত্র মাসের সেলে সব বিক্রি করে দিয়েছে। বিজেপিকে বিশ্বাস করবেন না। অসমে এনআরসি করে ১৯ লক্ষ মানুষের নাম বাদ দিয়েছিল। তার মধ্যে ১৩ লক্ষ ছিল হিন্দু. ৬ লক্ষ মুসলমান। তাঁদের ডিটেনশন ক্যাম্পে পাঠানো হয়েছিল। আমি আপনাদের বলব আপনারা লড়াই করবেন ট্রাইব্যুনালে আবেদন করুন। পরিবার পরিজনের কোনও ভোট যেন বিজেপি বা অন্য পার্টিতে না যায়।”




