মুর্শিদাবাদ: নির্বাচনের আগে প্রচারের গতি বাড়াতে শনিবার একাধিক কর্মসূচি নিয়ে মাঠে নামছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দিনভর তিনটি জেলায় তাঁর সভা ও রোড শো ঘিরে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে।
দলীয় সূত্রে জানা গিয়েছে, দিনের প্রথম জনসভা অনুষ্ঠিত হবে মুর্শিদাবাদের রেজিনগরে। রেজিনগর ও ভরতপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থীদের সমর্থনে দুপুর প্রায় একটা নাগাদ সভা শুরু হবে। এই জেলায় এসআইআর প্রক্রিয়ায় বহু ভোটারের নাম বাদ পড়ার অভিযোগ ইতিমধ্যেই সামনে এসেছে। ফলে এই ইস্যুতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য বিশেষ তাৎপর্যপূর্ণ হতে চলেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
এরপর তিনি পাড়ি দেবেন বীরভূমের সাঁইথিয়ায়। সেখানে প্রার্থী নীলাবতী সাহার সমর্থনে বিবেকানন্দ পল্লী খেলার মাঠে দুপুর দুটো নাগাদ দ্বিতীয় জনসভা করার কথা রয়েছে। বীরভূম জেলা রাজনৈতিকভাবে সংবেদনশীল হওয়ায় এই সভাকে ঘিরে কৌতূহলও বাড়ছে।
দিনের শেষ কর্মসূচি রয়েছে পূর্ব বর্ধমানের মেমারি বিধানসভা এলাকায়। তৃণমূল প্রার্থীর সমর্থনে একটি বিশাল রোড শো করবেন অভিষেক। ইছাপুর প্লেগ্রাউন্ড থেকে শুরু হয়ে মেমারি নতুন বাস স্ট্যান্ড পর্যন্ত এই রোড শো যাবে এবং দুপুর তিনটে থেকে তা শুরু হবে বলে জানা গিয়েছে।
একদিনে টানা এই প্রচার কর্মসূচির মাধ্যমে রাজ্যের বিভিন্ন প্রান্তে দলের সংগঠনকে আরও শক্তিশালী করা এবং ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপনই মূল লক্ষ্য তৃণমূল নেতৃত্বের।




