কলকাতা: ফের মেট্রোতে আত্মহত্যার চেষ্টা। সপ্তাহের প্রথম দিনেই মেট্রো পরিষেবা নিয়ে বিপাকে যাত্রীরা। দক্ষিণেশ্বর-কবি সুভাষ ব্লু লাইনে আত্মহত্যার চেষ্টা। মহাত্মা গান্ধী মেট্রো স্টেশনে টালিগঞ্জগামী লাইনে এদিন ঝাঁপ দেওয়ার ঘটনা ঘটেছে। ওই ঘটনার পরই আপ-ডাউন মেট্রো লাইনে ট্রেন চলাচল আংশিক বন্ধ হয়ে যায়।
সোমবার বেলা সাড়ে ১১টা নাগাদ ব্লু লাইনের মহাত্মা গান্ধী মেট্রো স্টেশনে ঝাঁপ দেওয়ার ঘটনা ঘটে। মেট্রো সূত্রে জানা গিয়েছে, টালিগঞ্জগামী মেট্রো ট্রেনটি প্ল্যাটফর্মে ঢুকছিল। তখনই একজন মেট্রোর সামনে ঝাঁপ দেন। চালক দ্রুত মেট্রো থামানোর চেষ্টা করেন।
মেট্রো সূত্রে খবর, ঘটনার পর দক্ষিণেশ্বর থেকে দমদম ও কবি সুভাষ থেকে এসপ্লানেড পর্যন্ত মেট্রো চলাচল করছে। কর্মব্যস্ত সময়ে এই ঘটনায় নিত্য ও সাধারণ যাত্রীরা প্রবল সমস্যায় পড়েন। লাইনের বিদ্যুৎ বন্ধ করে ওই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। বেলা ১২টার পর মেট্রো পরিষেবা স্বাভাবিক হয় বলে খবর।
ঘটনার পর মেট্রো পরিষেবা সাময়িক বন্ধ করে দেওয়া হয়। পরিষেবা বন্ধ হয়ে যাওয়ায় আটকে পড়েন যাত্রীরা। বহু মানুষ সমস্যায় পড়েন। দুর্ভোগ বাড়তে শুরু করে। কিছু সময় পর আংশিক পথে মেট্রো চালিয়ে পরিষেবা সচল করা হয়। দমদম থেকে দক্ষিণেশ্বর ও কবি সুভাষ থেকে এসপ্লানেড পর্যন্ত মেট্রো চলাচল শুরু হয়।




