প্রতিবেদন: তৃণমূলের দাবিতে অবশেষে সিলমোহর। এসআইআর-এর অভিযোগ জমা এবং নিষ্পত্তির সময়সীমা বাড়াল কমিশন।(Election Commission) বাংলার শাসকদল প্রথম থেকেই দাবি করেছে অতি দ্রুততার সঙ্গে এসআইআর প্রক্রিয়া শেষ করার চেষ্টা করছে কমিশন। ভুল পদ্ধতিতে এসআইআর প্রক্রিয়া চালানোয় হয়রানির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। এবার সেই দাবিকে গ্রাহ্য করে অভিযোগ জমা এবং নিষ্পত্তির সময়সীমা ১৯ জানুয়ারী, ২০২৬ পর্যন্ত বাড়ানো হয়েছে। সেই তালিকাতেই পুদুচেরি, গোয়া, লাক্ষাদ্বীপ এবং রাজস্থান সহ রয়েছে বাংলার নাম।
নির্বাচন কমিশন(Election Commission) নিজের বিবৃতিতে জানিয়েছে, ভোটার তালিকায় সবথেকে বেশি সংখ্যায় যোগ্য ভোটারদের অন্তর্ভুক্তি নিশ্চিত করতেই এই সময়সীমা বাড়ানো হয়েছে। কমিশন জানিয়েছে, “বিশেষ নিবিড় সংশোধনীতে অভিযোগ জমার সময়সীমা ১৯ জানুয়ারী, ২০২৬ পর্যন্ত বাড়ানো হয়েছে।” নির্বাচন কমিশন বৃহস্পতিবার এই সিদ্ধান্ত জানিয়েছে।
উল্লেখ্য, গত বছর এসআইআর-এর সময়সীমা বাড়ানো হলেও তা বাংলার ক্ষেত্রে প্রযোজ্য ছিল না। নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তিতে, তামিলনাড়ু, গুজরাট, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এবং আন্দামান ও নিকোবর এবং উত্তরপ্রদেশে এনুমারেশন ফর্ম জমা দেওয়ার সময় বাড়ানো হয়। খসড়া তালিকা প্রকাশের সময়সীমাও পরিবর্তন হয় সেই সময়।
বাংলার শাসকসদল তৃণমূল কংগ্রেস বারবার কমিশনের বিরুদ্ধে তোপ দেগেছে এসআইআর-এর সময়সীমা নিয়ে। তৃণমূলের দাবি, তাড়াহুড়ো করে এই প্রক্রিয়া শেষ করার চেষ্টা করছে কমিশন। এই কারণেই প্রক্রিয়ায় সমস্যা থাকছে এবং মানুষের হয়রানি হচ্ছে। একই সঙ্গে বহু মৃত্যুর ঘটনাও ঘটেছে। এরপরেই কমিশনের এই দিন বদল আসলে ঘুরপথে বাংলার শাসকদলের দাবিকেই মেনে নেওয়া বলে মনে করছে রাজনৈতিক মহল।




