কলকাতা: দক্ষিণবঙ্গে কমেছে শীতের আমেজ। কলকাতাতেও শীতের দাপট নেই। বড়দিনের আগে পারদ পতনের সম্ভাবনাও নেই বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।(Meteorological Office) চলতি সপ্তাহজুড়ে তাপমাত্রা সামান্য বাড়বে। কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিক। বৃহস্পতিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৬ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি।
এদিকে, উত্তরে ভরপুর শীতের আমেজ। তাপমাত্রা স্বাভাবিকের কাছেই। দার্জিলিং-সহ সংলগ্ন পার্বত্য এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। তবে নতুন করে তাপমাত্রা পতনের খুব একটা সম্ভাবনা নেই বলে পূর্বাভাস। উত্তরের আকাশে সকালে হালকা কুয়াশার সম্ভাবনা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হবে। উত্তরবঙ্গের নিচের দিকে জেলা অর্থাৎ মালদহ ও সংলগ্ন জেলাতেগুলি তাপমাত্রা ১৫ থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে।
হাওয়া অফিস(Meteorological Office) জানিয়েছে, শুক্রবার পশ্চিমের জেলাগুলি সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১২ থেকে ১৪ ডিগ্রির ঘরে। হাওয়া অফিস আরও জানিয়েছে, আগামী সাতদিন তাপমাত্রার বড়সড় পরিবর্তনের সম্ভাবনা কম। সকালে হালকা কুয়াশা বা ধোঁয়াশা দেখা দিলেও পরে আকাশ পরিষ্কারই থাকবে। কুয়াশার কোনও সতর্কবার্তা আপাতত নেই। শুষ্ক আবহাওয়া; বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।




