কলকাতা: এসআইআর নিয়ে বারবার প্রতিবাদে সুর চড়া করেছে বিরোধীরা। বাদ যায়নি তৃণমূল কংগ্রেসও। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন নিয়ে বাংলায় মানুষের উপর যে অত্যাচার চালাচ্ছে মোদী সরকার ও কমিশন তা নিয়ে সরব হয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।(Abhishek Banerjee)তবে এবার রাজনৈতিক মঞ্চ বা পন্থা নয় সৃষ্টিশীল উপায়ে মানুষের হয়ে প্রতিবাদ অভিষেকের। এবার কলমের জোরে এসআইআর-এর বিরুদ্ধে গর্জে উঠলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কবিতার মাধ্যমে জনতার উপর শাসকের অত্যাচারের কথা তুলে ধরলেন তিনি।
‘আমি অস্বীকার করি – এই হঠকারিতা, এই তালিকার শাসন, এই ভয়ের রাজত্ব।/ আমি অস্বীকার করি – রাষ্ট্রের নামে রক্তের ঋণ, আমি অস্বীকার করি – রক্তের উপর কালির শাসন।’ – বিজেপির ঘৃণ্য রাজনীতির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সাহস জুগিয়ে মঞ্চে বারবার সাধারণের হয়ে বলতে শোনা গিয়েছে তাঁকে৷ এবার ‘তালিকার শাসন’কে ‘অস্বীকার’ করার অঙ্গীকার নিয়ে কবিতাকে প্রতিবাদের ভাষা বানালেন তিনি। সাম্প্রতিক এসআইআর পরিস্থিতির ভয়াবহতা, যন্ত্রণার প্রতিফলন উঠে এল তাঁর কবিতায়।
বাংলায় বিশেষ নিবিড় সংশোধনের নামে মানুষের হয়রানি, একের পর এক মৃত্যু! এই মৃত্যুমিছিলের সংখ্যাটা উল্লেখ করে অভিষেকের(Abhishek Banerjee)দাবি, ‘এটা শুধু সংখ্যা নয়, এ রাষ্ট্রের লাগানো আগুনে মানুষের চিৎকার।’ এসআইআর পদ্ধতির সারবত্তাহীনতাকে নিশানা করে তিনি লিখেছেন, ‘রাষ্ট্রের খাতায় ঠাঁই পায় প্রাণের বদলে পরিসংখ্যান/শাসকের বুটের তলায় পিষে যায় বিবেক, সত্য আর সম্মান।’
তাঁর কবিতায় উঠে এসেছে, ‘আর ইতিহাস/ সে ক্ষমা করে না, সে তালিকা পড়ে না/ইতিহাস মনে রাখে কে রুখেছিল, কে লড়াই করেছিল/কে দাঁড়িয়েছিল, কে আগুন জ্বালিয়েছিল! যে মানুষকে তুচ্ছ করে ইতিহাস তাকে কখনো ক্ষমা করে না।’ অভিষেকের দীর্ঘ কবিতায় যেভাবে এসআইআর পরিস্থিতির যন্ত্রণার কথা উঠে এসেছে, তাতে আরও স্পষ্ট, পথে প্রতিবাদ কিংবা কলমে বিদ্রোহ – সর্বশক্তি দিয়ে এর বিরোধিতায় সুর চড়াচ্ছে তৃণমূল। প্রসঙ্গত, এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআরের প্রতিবাদে ২৬টি কবিতা লিখেছেন।




