নয়াদিল্লি: সোমবার সকালে দিল্লির প্রথম সারির স্কুলগুলিতে হুমকি মেল।(Delhi School Bomb Threat) যার জেরে রাজধানীতে সকাল থেকেই চাঞ্চল্য ছড়ায়। এই মেলে বোমায় রাজধানী দিল্লির ৯টি স্কুল উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। এফিন দুপুরেই বিস্ফোরণ ঘটতে চলেছে বলে হুমকি দেওয়া হয়। যার জেরে ব্যবস্থা নিতে তৎপর হয় স্কুলগুলি। দ্রুত খালি করা হয় স্কুলগুলি।
একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, ওই হুমকি মেলে লেখা ছিল, ‘দিল্লিকে খলিস্তান বানাব আফজল গুরুর স্মৃতিতে। দুপুর ১টা ১১ মিনিটে বিস্ফোরণ হবে।’ তলায় লেখা ‘খলিস্তান ন্যাশনাল আর্মি’। এই মেল পেতেই রীতিমতো চাঞ্চল্য ছড়ায়। আবার, এই মেলে কেবল স্কুল নয়, সংসদ ভবনও ওড়ানোর হুমকি দেওয়া হয়েছে। লেখা হয়েছে, ‘১৩ ফেব্রুয়ারি সংসদও ওড়ানো হবে ১টা ১১ মিনিটে। পাঞ্জাব হল খলিস্তান।’
মূলত দিল্লির প্রথম সারির ৯টি স্কুলে এই হুমকি মেল আসে।(Delhi School Bomb Threat) স্কুলগুলি হল দিল্লি ক্যান্টনমেন্টের লোরেটো কনভেন্ট, রোহিনীর ভেঙ্কটেশ্বর গ্লোবাল স্কুল, কেমব্রিজ স্কুলের শ্রীনিবাসপুরী ও নিউ ফ্রেন্ডস কলোনি ক্যাম্পাস, সাদিক নগরের দ্য ইন্ডিয়ান স্কুল, রোহিনীর সিএম শ্রী স্কুল, আইএনএ-র ডিটিইএ স্কুল, রোহিনীর বাল ভারতী স্কুল এবং নিউ রাজিন্দর নগরের মানবস্থলী স্কুল।
প্রসঙ্গত, গত ২৯ জানুয়ারি একই রকম মেল পেয়েছিল ৫টি স্কুল। পরে অবশ্য দেখা যায় সবটাই ভুয়ো হুমকি। তারও একদিন আগে দ্বারকা আদালত চত্বর ওড়ানোর হুমকি মেল ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছিল। এক্ষেত্রেও পরে দেখা গিয়েছিল সবটাই নিছক গুজব। দিল্লি পুলিশ আগেই জানিয়েছে, এই ধরনের গুজব ছড়ানোর চেষ্টা যারা করছে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে। তবে সোমবারের ঘটনার তদন্ত জারি রয়েছে।




