সিঙ্গুর: এসআইআর ইস্যুতে(SIR Issue) কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সুর আরও তীব্র করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক রাজনৈতিক সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ করে মমতা বলেন, “উনি টেলিপ্রম্পটার দেখে কথা বলেন। আর আমি মানুষের অভিজ্ঞতা আর চোখে দেখা সত্য থেকে কথা বলি।” তাঁর এই মন্তব্য ঘিরে সভাস্থলে মুহূর্তে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
মুখ্যমন্ত্রীর অভিযোগ, বিজেপি শাসিত কেন্দ্র বাংলার প্রতি দীর্ঘদিন ধরেই বঞ্চনার নীতি গ্রহণ করেছে। তিনি বলেন, “বাংলার প্রাপ্য টাকা আটকে রাখা হয়েছে। কেন্দ্র কোনও অর্থ দেয় না, অথচ শর্ত আর নিয়ম চাপিয়ে দিতে পিছপা হয় না।” মমতার দাবি, আর্থিক চাপ তৈরি করেই রাজ্যকে দুর্বল করার চেষ্টা চলছে।
এসআইআর(SIR Issue) প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, এই প্রক্রিয়ার আড়ালে সাধারণ মানুষকে ভয় দেখানো হচ্ছে। বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে বিষয়টি অত্যন্ত সংবেদনশীল বলে মন্তব্য করেন তিনি। মমতা বলেন, “বাংলার মেয়েরা বিয়ে করলে শ্বশুরবাড়ি যায়, পদবী পাল্টে যায়—এটাই আমাদের সমাজের রীতি। তাই বলে কি তাদের এসআইআরের নামে ডেকে অপমান করা হবে?” তাঁর বক্তব্যে স্পষ্ট, এই ইস্যুতে কেন্দ্র বাংলার সামাজিক বাস্তবতাকে উপেক্ষা করছে।
এই প্রসঙ্গেই প্রধানমন্ত্রীকে সরাসরি প্রশ্ন ছুড়ে দেন মুখ্যমন্ত্রী। মমতা বলেন, “আমি প্রধানমন্ত্রীকে প্রশ্ন করি—আপনার স্ত্রীর টাইটেল কী?” রাজনৈতিক মহলের মতে, এই মন্তব্যের মাধ্যমে বিজেপির নীতির দ্বিচারিতা তুলে ধরতে চেয়েছেন তিনি। একদিকে সামাজিক রীতি মানার কথা বলা হয়, অন্যদিকে প্রশাসনিক নিয়মের নামে সাধারণ মানুষকে হেনস্থা করা হয়—এটাই কেন্দ্রের আসল চেহারা বলে দাবি মমতার।
সভামঞ্চ থেকে নিজের অবস্থান আরও স্পষ্ট করে মুখ্যমন্ত্রী বলেন, “আমাকে জেলে ভর, গুলি কর—আই ডোন্ট কেয়ার।” তাঁর এই মন্তব্য রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু করেছে। মমতা আরও বলেন, “আমাকে জেলে দিলে বাংলার মা-বোনেরা জবাব দেবে। কৃষকরা জবাব দেবে।” তাঁর বক্তব্যে স্পষ্ট, তিনি এই লড়াইকে ব্যক্তিগত নয়, গণআন্দোলনের লড়াই হিসেবে তুলে ধরতে চাইছেন।




