সিঙ্গুর: সিঙ্গুরের সভামঞ্চ থেকেই ভার্চুয়ালি ঘাটাল মাস্টার প্ল্যানের(Ghatal Master Plan) সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় ১ হাজার ৫০০ কোটি টাকা ব্যয়ে এই প্রকল্প বাস্তবায়িত হলে ঘাটাল ও সংলগ্ন বিস্তীর্ণ এলাকার দীর্ঘদিনের বন্যা সমস্যা অনেকটাই নিয়ন্ত্রণে আসবে বলে আশা করা হচ্ছে। বর্ষা এলেই জলমগ্ন হয়ে পড়া গ্রাম, ভেঙে পড়া বাঁধ এবং ক্ষতিগ্রস্ত চাষজমি এই চেনা ছবির বদল ঘটাতেই রাজ্য সরকারের এই উদ্যোগ।
মুখ্যমন্ত্রী জানান, ঘাটাল মাস্টার প্ল্যানের(Ghatal Master Plan) মূল লক্ষ্য হল জল নিকাশি ব্যবস্থাকে ঢেলে সাজানো। নদী ও খাল সংস্কার, নতুন নিকাশি চ্যানেল তৈরি, বাঁধ মেরামত ও শক্তিশালীকরণ সব মিলিয়ে একটি সমন্বিত পরিকল্পনার মাধ্যমে ঘাটালের জল সমস্যা মোকাবিলা করা হবে। তিনি বলেন, “ঘাটালের মানুষ বছরের পর বছর দুর্ভোগে রয়েছেন। এবার তাদের স্থায়ী সমাধান দেওয়ার সময় এসেছে।”
ঘাটালের জলযন্ত্রণা কমাতে সিঙ্গুর থেকে মাস্টার প্ল্যান উদ্বোধন মমতার সিঙ্গুরের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী ফের শিল্পায়নের প্রসঙ্গ টানেন। টাটা প্রকল্প সরে যাওয়ার পর সিঙ্গুর যে দীর্ঘ সময় অনিশ্চয়তার মধ্যে দিয়ে গিয়েছে, তা উল্লেখ করে তিনি বলেন, “সিঙ্গুরকে থামিয়ে রাখা যাবে না। এখানে নতুন করে শিল্প ও কর্মসংস্থানের পরিবেশ তৈরি হচ্ছে।” তাঁর দাবি, ধীরে ধীরে সিঙ্গুর আবার উন্নয়নের মানচিত্রে জায়গা করে নিচ্ছে।
ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বিরোধীদের সমালোচনার জবাবে মুখ্যমন্ত্রী স্পষ্ট ভাষায় জানান, এটি কোনও ঘোষণামাত্র নয়। প্রকল্পের জন্য অর্থ বরাদ্দ হয়েছে, প্রশাসনিক স্তরে কাজও শুরু হয়ে গিয়েছে। পর্যায়ক্রমে কাজ এগোবে এবং নির্দিষ্ট সময়ের মধ্যেই প্রকল্পের সুফল মিলবে বলে আশ্বাস দেন তিনি।




