ওয়াশিংটন: ক্রমশ উত্তেজনা বেড়েই চলেছে মার্কিন মুলুক এবং ইরানের মধ্যে। ইরান ইতিমধ্যেই আমেরিকার বিরুদ্ধে সুর চড়িয়ে রেখেছে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়োতোল্লা আলি খামেনেইয়ের উপর হামলা হলে ছেড়ে কথা বলবে না তেহরান। এহেন বার্তা দিয়ে চলেছে ইরান। এর মধ্যেই এবার নিজের প্রাণহানির আশঙ্কা অরকাশ করে নয়া দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।(Donald Trump)
নয়া দাবি করে ট্রাম্প(Donald Trump) জানিয়েছেন, যদি তাঁকে হত্যা করে, তবে পৃথিবীর মানচিত্র থেকে ইরানকে মুছে দেবে আমেরিকা। সংবাদসংস্থা অ্যাসোসিয়েট প্রেসের প্রতিবেদন অনুযায়ী, এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, ‘‘আমার দৃঢ় নির্দেশ আছে, যা কিছু ঘটুক তাদের (ইরানকে) পৃথিবীর বুক থেকে মুছে ফেলতে হবে।’’ এর আগেই একটি বিবৃতি সামনে আসে, যাতে ট্রাম্প দাবি করেন, তিনি তাঁর উপদেষ্টাদের নির্দেশ দিয়েছেন, যদি তাঁর উপর হামলার কোনও প্রচেষ্টার নেপথ্যে ইরানের জড়িত থাকার প্রমাণ মেলে, তবে ইরানকে নিশ্চিহ্ন করতে হবে।
গত ২৮ ডিসেম্বর থেকে ইরানে খামেনেই-বিরোধী গণবিক্ষোভ শুরু হয়েছে। বর্তমানে সেই বিক্ষোভ কিছুটা স্তিমিত হলেও পুরোপুরি বন্ধ হয়ে যায়নি। ইরানের এই গণবিক্ষোভে আমেরিকা এবং ইজ়রায়েলের মদত রয়েছে বলে শুরু থেকে অভিযোগ তুলে আসছে তেহরান। তা নিয়ে দু’দেশকেই সাম্প্রতিক সময়ে হুঁশিয়ারিও দিয়েছে ইরান। সম্প্রতি ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র জেনারেল আবুলফজল শেকারচি বলেন, ‘‘ট্রাম্প জানেন, যদি কেউ আমাদের নেতার (আয়োতোল্লা আলি খামেনেই) দিকে হাত বাড়ান তবে আমরা শুধু সেই হাতটা কেটে ফেলব না, বরং তাঁদের জগতেও আগুন ধরিয়ে দেব।’’




