Doctors Strike চিকিৎসকদের লাগাতার কর্মবিরতির জেরে দুর্ভোগ পোহাতে হচ্ছে রোগীদের। সময়মতো মিলছে না চিকিৎসা। যার ফলে প্রাণহানিও ঘটেছে অনেকের। মঙ্গলবারও তেমন এক ঘটনার সাক্ষী রইল বাংলা। মৃতের নাম সদানন্দ পাল। চিকিৎসকদের কর্মবিরতির কারণেই মৃত্যু বলে দাবি করেছে মৃতের পরিবার। এদিন তৃণমূলের এক্স হ্যান্ডেলে এই মৃত্যুর খবর পোস্ট করা হয়েছে। সেখানে ভিডিওয় বলা হচ্ছে দুর্ঘটনার পর প্রথমে পুলিশ সদানন্দ পালকে উদ্ধার করে হরিপাল গ্রামীণ হাসপাতালে ভর্তি করে। সেখান থেকে চুঁচুড়া সদর হাসপাতালে রেফার করা হয়।
এরপর চুঁচুড়া থেকে কল্যাণী এইমসে রেফার করা হলেও পরিবারের দাবি, কল্যাণী এইমস ভর্তি নেয়নি চিকিৎসক না থাকার কারণে। অগত্যা তাঁরা রোগীকে কলকাতা মেডিক্যাল কলেজে নিয়ে যান যদিও চিকিৎসক না থাকার কারণে ভর্তি করাতে পারেননি সেখানে। চিকিৎসকদের কর্মবিরতির কারণেই মৃত্যু হয়েছে বলে দাবি করেন সদানন্দের ছেলে সৌমেন পাল। জানা গেছে, গত ১৮ আগস্ট হরিপাল থানার নালিকুল সিনেমাতলা এলাকায় সদানন্দকে সজোরে ধাক্কা মারে এক বাইক আরোহী। মাথায় গুরুতর চোট পান সদানন্দ। গত ২৯ আগস্ট বারাসতের বেঙ্গল নিউরো হাসপাতালে মৃত্যু হয় সদানন্দ পালের। এভাবেই বিভিন্ন জেলা থেকে অসহায় অবস্থায় কলকাতার একাধিক হাসপাতালে চিকিৎসার জন্য দরিদ্র মানুষেরা রোগী নিয়ে এলেও পাচ্ছেন না পরিষেবা। অনেক কষ্টে অ্যাম্বুল্যান্স বা গাড়ি জোগাড় করেও ফিরতে হচ্ছে শূন্য বুক ও বাঁধভাঙা অশ্রু নিয়ে।
Link: https://x.com/ekhonkhobor18/status/1833481314453856453




