হেলিকপ্টার জটে বাতিল হয়েছিল রায়গঞ্জ-বালুরঘাটের সভা। বাঁকুড়াতেও পড়তে হয়েছিল এই একই সমস্যার মুখে। শেষে উপায় না দেখে মঙ্গলবার সড়কপথেই পুরুলিয়ায় সভা করতে আসেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী তথা গেরুয়া শিবিরের হিন্দুত্ববাদের পোস্টার বয় যোগী আদিত্যনাথ। ও’দিন সভা করার আগে রাজ্যবাসীর মন পেতে বাংলায় একটি টুইট করে শুভেচ্ছা জানান যোগী। আর তাতেই ঘটল বিপত্তি। মন পাওয়া তো হলই না, উল্টে ওই টুইটের জন্যই মুখ পুড়ল তাঁর। ওই টুইটে বাংলার ঐতিহ্যের কথা বলতে গিয়ে স্বামী বিবেকানন্দের সঙ্গে রামকৃষ্ণকেও ‘স্বামী’ বলে উল্লেখ করেন তিনি। যা নিয়ে সঙ্গে সঙ্গেই সরব হন বাঙালিরা। একজন যেমন লেখেন, ‘স্বামী রামকৃষ্ণটা কে? উনি তো শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব।’ এর পাশাপাশি তিনি যোগীকে বাজে না বকারও পরামর্শ দেন।

প্রসঙ্গত, রাজনীতিবিদ থেকে বলিউড সেলিব্রিটি, খেলোয়াড় থেকে স্বনামধন্য গায়ক-গায়িকা, বিভিন্ন সময়ে যে সব অবাঙালিরাই বাংলায় পা রেখেছেন, তাঁরা দু’কলি ভাঙা ভাঙা বাংলা না বলে থাকতে পারেননি। এমনই এই ভাষার মিষ্টতা! আর উচ্চারণে ভুল থাকলেও বাঙালি বড় সহজ ভাবে আপন করে নিয়েছেন তাঁদের। তাই বাংলার মানুষের মন জয় করতে ওই একই পথই অনুসরণ করতে চেয়েছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। কিন্তু ভুল উচ্চারণ ক্ষমাযোগ্য হলেও ভুল ইতিহাস বা বাংলার মনিষীদের সম্পর্কে কোনও তথ্যবিকৃতি ঘটলে তা যে বাঙালিরা কখনই মেনে নেবেন না, সে বিষয়ে ওয়াকিবহাল ছিলেন না যোগী। যার ফলে বাংলার মানুষের মন জয় করার পথে এভাবে হোঁচট খেতে হল তাঁকে! অন্যদিকে, ক্ষোভে ফুঁসছেন রামকৃষ্ণ পরমহংস দেবের আপামর ভক্ত এবং বাংলার মানুষ।





