কলকাতা: ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া নিয়ে কলকাতায় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের বৈঠকে সরব হল তৃণমূল কংগ্রেস৷ বৈঠকে তৃণমূলের প্রতিনিধিরা ভোটার তালিকার বিভিন্ন অসংগতি নিয়ে প্রশ্ন তোলেন। এই বিষয়কে কেন্দ্র করে বৈঠকের পরিবেশ কিছুটা উত্তপ্ত হয়ে ওঠে বলে জানা গিয়েছে।
সোমবার কলকাতায় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের বৈঠক হয়। বৈঠকে উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার৷ তৃণমূলের প্রতিনিধিদলে ছিলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমএবং চন্দ্রিমা ভট্টাচার্যসহ দলের অন্যান্য প্রতিনিধিরা।
বৈঠকে তৃণমূলের তরফে দাবি করা হয়, ভোটার তালিকা সংশোধনের নামে বহু সাধারণ মানুষের ভোটাধিকার নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তাঁদের বক্তব্য, বিপুল সংখ্যক ভোটারের নাম বাদ পড়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি ২০২৪ সালের ভোটার তালিকার সঙ্গে বর্তমান তালিকার পুরুষ ও মহিলা ভোটারের অনুপাতের পার্থক্যও তুলে ধরা হয়।
তৃণমূল প্রতিনিধিরা বৈঠকে আরও প্রশ্ন তোলেন, রোহিঙ্গা ও বাংলাদেশি অনুপ্রবেশকারীদের প্রসঙ্গে যে দাবি বারবার সামনে আনা হয়েছে, তার কোনও স্পষ্ট তথ্য এখনও প্রকাশ্যে আসেনি। এই বিষয়টি নিয়ে কমিশনের কাছে ব্যাখ্যা চাওয়া হয়। অভিযোগ, এই প্রশ্ন তোলার সময় বৈঠকে কিছুটা উত্তেজনা তৈরি হয়। সেই সময় প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যকে “ডোন্ট শাউট” বলে মন্তব্য করেন বলে দাবি তৃণমূলের।
বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, ‘‘একজন মহিলা প্রতিনিধির সঙ্গে এই ধরনের আচরণ গ্রহণযোগ্য নয়। বৈঠকে গুরুত্বপূর্ণ প্রশ্ন তোলা হলেও তার স্পষ্ট ব্যাখ্যা কমিশনের পক্ষ থেকে পাওয়া যায়নি।’’ ভোটার তালিকা ইস্যুতে ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেস শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছে।




