কলকাতা: ইতিমধ্যেই গরম অনুভূত হচ্ছে শহরজুড়ে। তবে এর মধ্যেই ঘূর্ণাবর্তের চোখরাঙানিতে বৃষ্টির সম্ভাবনা। রাজ্যের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস। হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো বাতাসও বইবে। মহানগরে বিকেল বা সন্ধ্যা নাগাদ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস। বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গে আগামী ৬-৭ দিন বৃষ্টির চলবে।
আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, পূর্ব বাংলাদেশের রয়েছে একটি ঘূর্ণাবর্ত। উত্তর পূর্ব আসাম ও নাগাল্যান্ডে আরও একটি ঘূর্নাবর্ত। ঝাড়খণ্ড থেকে মারাঠাওয়াড়া পর্যন্ত বিস্তৃত অক্ষরেখা। যার জেরে মঙ্গলবার উত্তরবঙ্গের সব জেলায় বৃষ্টির পূর্বাভাস। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বেশি। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে আলিপুরদুয়ার, কোচবিহার, মালদহ উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও। বুধবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও ঝড়ের সম্ভাবনা উপরের ৫ জেলায়। বৃহস্পতিবার ঝড়-বৃষ্টির পরিমাণ বাড়বে উত্তরবঙ্গে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ-সহ কয়েক পশলা বৃষ্টির পূর্বাভাস। সঙ্গে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে। শুক্রবার ও শনিবারও উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
হাওয়া অফিসের পূর্বাভাস, মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা বেশি গাঙ্গেয় বঙ্গে। পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া ও উত্তর চব্বিশ পরগনায়। এই ৫ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইবে। আজ মহানগরে বিকেল বা সন্ধ্যা নাগাদ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। আগামিকাল থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৫.১ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ ডিগ্রি।
বুধবারে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা আরও বেশি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ ও পূর্ব মেদিনীপুরে। দক্ষিণের বাকি জেলায় আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। বৃহস্পতিবার থেকে বদলাবে আবহাওয়া। ওই দিন থেকে রবিবারের মধ্যে তাপমাত্রা ৩ ডিগ্রি বাড়তে পারে! তবে রবিবার দক্ষিণবঙ্গে ফের বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা। পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদ এই তিন জেলায় বৃষ্টির পূর্বাভাস।




