কলকাতা: নির্বাচনের আগে রাজ্য মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সোমবার রাজ্য সরকারের তরফে জারি করা এক সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এতদিন আইন মন্ত্রকের দায়িত্বে থাকা মলয় ঘটকের কাছ থেকে সেই দফতর সরিয়ে নেওয়া হয়েছে। এখন থেকে আইন মন্ত্রকের দায়িত্ব সরাসরি মুখ্যমন্ত্রীর তত্ত্বাবধানে থাকবে।
সরকারি নির্দেশিকায় বলা হয়েছে, মলয় ঘটক এখন থেকে শুধুমাত্র শ্রম দফতরের দায়িত্ব সামলাবেন। দীর্ঘদিন ধরে তিনি আইন দফতরের দায়িত্ব পালন করছিলেন। তবে আচমকাই তাঁর হাত থেকে এই গুরুত্বপূর্ণ দফতর সরিয়ে নেওয়ায় প্রশাসনিক ও রাজনৈতিক মহলে নানা জল্পনা তৈরি হয়েছে। বিশেষ করে ভোটের আগে এই সিদ্ধান্ত নেওয়ায় বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে।
প্রশাসনিক সূত্রের মতে, নির্বাচনের আগে রাজ্যের গুরুত্বপূর্ণ দফতরগুলির ওপর আরও নিবিড় নজরদারি রাখার লক্ষ্যেই এই পরিবর্তন করা হয়েছে বলে মনে করা হচ্ছে। আইন দফতর সরাসরি মুখ্যমন্ত্রীর অধীনে থাকলে প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রেও দ্রুততা আসতে পারে বলে মনে করছেন অনেকে। যদিও এই রদবদলের কারণ নিয়ে সরকারিভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।
অন্যদিকে, তৃণমূল নেতা বাবুল সুপ্রিয় সম্প্রতি রাজ্যসভায় নির্বাচিত হওয়ায় তাঁর মন্ত্রীত্বও শেষ হয়েছে। সাংবিধানিক নিয়ম অনুযায়ী, রাজ্যসভার সাংসদ হওয়ার পর তিনি আর রাজ্যের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন না। ফলে তাঁর হাতে থাকা বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দফতর বর্তমানে মন্ত্রীহীন হয়ে পড়েছে।
বাবুল সুপ্রিয়ের অধীনে ছিল তথ্যপ্রযুক্তি, শিল্প পুনর্গঠন এবং পাবলিক এন্টারপ্রাইজ দফতর। প্রশাসনিক নিয়ম অনুযায়ী, কোনও দফতরে মন্ত্রী না থাকলে সেই দফতরের দায়িত্ব সাময়িকভাবে মুখ্যমন্ত্রীর কাছেই থাকে। সেই প্রথা মেনেই এই তিনটি দফতরও আপাতত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তত্ত্বাবধানে রাখা হয়েছে।




