কলকাতা: ভোটার তালিকা সংশোধনকে ঘিরে রাজ্যের রাজনৈতিক মহলে তৈরি হওয়া বিতর্কের মাঝেই সোমবার নির্বাচন কমিশনের ডাকা সর্বদলীয় বৈঠকে অংশ নিতে চলেছে তৃণমূল কংগ্রেস। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে দেখা করতে যাচ্ছে দলের তিন সদস্যের একটি প্রতিনিধি দল।
তৃণমূল সূত্রে জানা গিয়েছে, প্রতিনিধি দলে রয়েছেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য এবং রাজ্যসভার সাংসদ হতে চলা প্রাক্তন আইপিএস অফিসার রাজীব কুমার৷ কমিশনের সঙ্গে বৈঠকে বসে তাঁরা ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া নিয়ে দলের অভিযোগ তুলে ধরবেন।
রবিবার রাতেই কলকাতায় পৌঁছেছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। সোমবার শহরের একটি হোটেলে সর্বদলীয় বৈঠকের আয়োজন করেছে নির্বাচন কমিশন৷ সেখানে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে আলাদা করে আলোচনা করবেন কমিশনের আধিকারিকরা।
তৃণমূলের অভিযোগ, ভোটার তালিকা সংশোধনের সময় রাজ্যের বহু সাধারণ মানুষের নাম অন্যায়ভাবে বাদ দেওয়া হয়েছে। এর ফলে বহু ভোটার সমস্যার মুখে পড়ছেন এবং নতুন করে নাম অন্তর্ভুক্ত করার জন্য প্রশাসনিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হচ্ছে। এই বিষয়টিই কমিশনের সামনে প্রধান ইস্যু হিসেবে তুলে ধরতে চলেছে শাসক দলের প্রতিনিধি দল।
দলীয় সূত্রে জানা গিয়েছে, কিছুদিন আগে দিল্লিতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনের কাছে যে বিষয়গুলি উত্থাপন করেছিলেন, কলকাতার বৈঠকেও সেই একই প্রসঙ্গ তুলে ধরা হবে।




