কলকাতা: রাজ্যের বেকারদের জন্য ভাতার ব্যবস্থা করে বাজেটে ঘোষণা করা হয় যুবসাথীর। এপ্রিল থেকে সেই ভাতা ঢোকার কথা আবেদনকারীদের অ্যাকাউন্টে। এবার ধর্মতলা মেট্রো চ্যানেলের ধরনা মঞ্চ থেকে এ নিয়ে বড় ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। জানালেন, নারী দিবস উপলক্ষে তার উপহারের কথা। যুবসাথীর টাকা এপ্রিল মাসে নয় শনিবার থেকেই ঢুকবে বেকারদের অ্যাকাউন্টে।
পূর্বে জানানো হয়, এপ্রিল থেকেই মিলবে এই প্রকল্পের সুবিধা। তবে এসআইআরের প্রতিবাদে ধর্মতলার মেট্রো চ্যানেলে ধরনার দ্বিতীয় দিনে মমতা জানান, এপ্রিল নয়, ৭ মার্চ শনিবার থেকেই আবেদনকারীদের অ্যাকাউন্টে ঢুকবে টাকা। প্রাথমিকভাবে আগামী পাঁচ বছর প্রতিমাসে এই টাকা পাবেন আবেদনকারীরা। তারপরও যদি কেউ বেকার থাকেন, সেক্ষেত্রে রিভিউ করে সিদ্ধান্ত নেওয়া হবে।
এই যুবসাথীর আবেদনকারীদের প্রতি মাসে দেড় হাজার টাকা করে অ্যাকাউন্টে ঢুকবে। তবে যুবসাথীতে আবেদনের ক্ষেত্রে বেশ কয়েকটি শর্ত বেঁধে দিয়েছিল রাজ্য সরকার। অবশ্যই ২১ থেকে ৪০ বছর বয়সিরা আবেদন করেন। যাঁরা রাজ্য সরকারের অন্য কোনও জনমুখী প্রকল্পের আওতায় তাঁরা টাকা পাবেন না।
প্রসঙ্গত, এদিনের এই মঞ্চ থেকে রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধি ইস্যুতেও সরব হন মুখ্যমন্ত্রী। রবিবার ফের পথে নামবেন তিনি। কালো শাড়ি পরে হাতা, খুন্তি হাতে মহিলাদের মিছিলে শামিল হওয়ার আর্জি জানান মমতা। বলে রাখা ভালো মধ্যপ্রাচ্যের যুদ্ধের আবহে ১৪.২ কেজি ওজনের বাড়িতে ব্যবহৃত রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম কেন্দ্র ৬০ টাকা বাড়িয়ে দিয়েছে। ৮৭৯ টাকার গ্যাস এবার কিনতে হবে ৯৩৯ টাকায়। নতুন দাম শনিবার থেকেই কার্যকর




