কলকাতা: ধর্মতলার মেট্রো চ্যানেলে শুক্রবার থেকে শুরু হওয়া তৃণমূল কংগ্রেসের ধরনা মঞ্চে রাত কাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সেখান থেকে তিনি অভিযোগ করেন, বিজেপি ভোটাধিকার হরণ এবং নির্বাচনী প্রক্রিয়ায় হস্তক্ষেপ করার জন্য নির্বাচন কমিশনকে ব্যবহার করছে। সেই অভিযোগের প্রতিবাদে মমতা নিজেই মঞ্চে অবস্থান করছেন।
প্রথম দিনের কর্মসূচি শেষ হওয়ার পর মঞ্চ থেকে মমতা বলেন, “আমি এখানে থাকব। দলের নেতাদের রাতভর থাকার প্রয়োজন নেই। তাঁরা বাড়ি চলে যান। আগামীকাল সকালেই আবার আসবেন। আমি ২৪ ঘণ্টা ধরে এই ধরনা মঞ্চে থাকব এবং কোথাও নড়ব না।” প্রথম দিনের ধরনা কর্মসূচিতে উপস্থিত ছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, অন্যান্য শীর্ষ নেতা–নেত্রী এবং কর্মীরা। তারা কেন্দ্র এবং বিজেপির বিরুদ্ধে তীব্র সমালোচনা করে বলেন, গণতন্ত্র রক্ষার জন্য এই আন্দোলন অপরিহার্য।
মুখ্যমন্ত্রী জানান, প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে ধরনা মঞ্চে কর্মসূচি শুরু হবে। বিকেল ৪টায় হবে বিশেষ মিটিং, যেখানে দলের নেতারা বক্তব্য রাখবেন এবং আন্দোলনের পরবর্তী কর্মসূচি নিয়ে আলোচনা করবেন। রাত ৮টা থেকে পরের দিন সকাল সাড়ে ১০টা পর্যন্ত মঞ্চের আলো, পর্দা এবং মাইক–বক্সের আওয়াজ বন্ধ থাকবে। কারণ ধর্মতলার এলাকা মূলত অফিসপাড়া হলেও আশেপাশে অনেক আবাসিক রয়েছে।




