বেঙ্গালুরু: কিশোর-কিশোরীদের মধ্যে সোশ্যাল মিডিয়ার ক্রমবর্ধমান ব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে কর্ণাটক সরকার। এই পরিস্থিতিতে ১৬ বছরের কম বয়সিদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা আনার বিষয়ে ভাবছে রাজ্য প্রশাসন। শুক্রবার কর্ণাটক বিধানসভায় বাজেট পেশ করার সময় এই ইঙ্গিত দেন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া৷
বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়া মানুষের দৈনন্দিন জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপের মতো প্ল্যাটফর্ম এখন যোগাযোগ ও বিনোদনের প্রধান মাধ্যম। কিন্তু অল্প বয়স থেকেই এই প্ল্যাটফর্মগুলির প্রতি শিশুদের আকর্ষণ দ্রুত বাড়ছে, যা নিয়ে চিন্তিত বিশেষজ্ঞরা।
বিশেষজ্ঞদের মতে, কম বয়সে অতিরিক্ত সোশ্যাল মিডিয়া ব্যবহারের ফলে মানসিক চাপ, উদ্বেগ এবং অনলাইন আসক্তির মতো সমস্যা দেখা দিতে পারে। পাশাপাশি সাইবার বুলিং, ভুয়ো খবরের প্রভাব এবং অপ্রাসঙ্গিক কনটেন্টের সংস্পর্শেও আসতে পারে শিশুরা। কর্ণাটকের তথ্য প্রযুক্তি ও বায়োটেকনোলজি মন্ত্রী প্রিয়াঙ্ক খাড়গে আগেই জানিয়েছিলেন, তরুণ প্রজন্মের মধ্যে সোশাল মিডিয়ার ব্যবহার দ্রুত বাড়ছে। তাই এই বিষয়ে সচেতনতা বাড়ানোর পাশাপাশি নতুন নীতি আনার প্রয়োজন রয়েছে বলে মনে করছে সরকার।
তিনি জানান, এই বিষয়ে ইতিমধ্যেই বিভিন্ন বিশেষজ্ঞ এবং স্টেকহোল্ডারের সঙ্গে আলোচনা শুরু হয়েছে। পাশাপাশি কিশোররা ইন্টারনেটে কী ধরনের কনটেন্ট দেখছে এবং কী বিষয়ে অনুসন্ধান করছে, তা পর্যবেক্ষণের বিষয়েও ভাবা হচ্ছে। শিশুদের নিরাপদ ডিজিটাল পরিবেশ তৈরি করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য বলে মনে করছে প্রশাসন।




