কলকাতা: বৃহস্পতিবারই পথে নেমে প্রতিবাদের জন্য আহ্বান জানিয়েছিলেন জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার ধর্মতলার ধরনা মঞ্চে হাজির হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। এসআইআর নিয়ে বাংলার মানুষের বিরুদ্ধে বিজেপি এবং কমিশনের চক্রান্তকে বারবার আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী। সাধারণ মানুষের হয়রানির প্রতিবাদে এবার ধরনা মঞ্চে তৃণমূল। ধরনা মঞ্চে হাজির হয়েছেন তৃণমূল নেতামন্ত্রীরাও।
এদিন ধর্মতলায় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ‘সেনাপতি’ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। এসআইআর তালিকায় যে ২২ জনকে মৃত ঘোষণা করা হয়েছিল তাঁরা আসবেন মঞ্চে। মমতা বলেন, “মৃত ঘোষণা করেছেন, তাঁরা জীবিত আছেন। তাঁদের মঞ্চে হাজির করব। নির্লজ্জ বেহায়া পার্টি। তাঁদের দালাল কমিশন। আমরা ইঞ্চিতে ইঞ্চিতে কাজ করি।কমিশনের খাতায় ওঁরা মৃত। আজ তাঁদের প্যারেড করাব। মিডিয়াকে আমি রিকুয়েস্ট করব, ওঁরা বেঁচে আছে। ২২টি পরিবার আসবে। আমরা তাঁদের দীর্ঘায়ু কামনা করি।”
এদিন মিছিল করে ধরনা মঞ্চের দিকে রওনা দেন তৃণমূলপন্থী বিএলওরা। এসআইআরে সাধারণ মানুষের এবং বিএলওদের হয়রানির প্রতিবাদে সরব তাঁরা। এসআইআর গেরোয় হয়রানি সাধারণ মানুষের। দায় এড়িয়েছেন সিইও মনোজ আগরওয়াল। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হলেও ঝুলেই ৫৬ লক্ষের ভাগ্য। এই প্রেক্ষাপটে এদিন ধর্মতলায় মমতার মঞ্চে হাজির কমিশনের খাতায় ‘মৃত’রা।




