কলকাতা: এবার পথে নামবেন জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার মানুষের অধিকার রক্ষার লড়াইয়ে তিনি নেমেছেন। ফের ধরনায় বসছেন সেই মেট্রো চ্যানেলেই। সিঙ্গুর আন্দোলনের সময় নেত্রীর ঐতিহাসিক লড়াই ও ২৬ দিনের অনশন আজও ভোলেনি দেশ। এবার সেই মেট্রো চ্যানেলেই ধরনায় বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার দুপুর ২টো থেকে ধর্মতলায় মেট্রো চ্যানেলে ধরনা-অবস্থানে বসবেন নেত্রী।
মেট্রো চ্যানেলের এই মঞ্চ থেকেই বিজেপি ও নির্বাচন কমিশনের সম্মিলিত চক্রান্তের বিরুদ্ধে আন্দোলনের পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআরের স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে আইনি পথে হাঁটার পাশাপাশি মানুষের দরবারেও পৌঁছতে চান তিনি। বহু মানুষ এখনও এসআইআর তালিকায় বিচারাধীন। সাধারণ মানুষের স্বার্থে তাঁদের ভোটাধিকারের দাবিতে তাই আর একবার পথে নামতে চলেছেন তৃণমূল সুপ্রিমো। এই ধরনামঞ্চ থেকেই দলীয় কর্মীদের জন্য তৈরি করে দেবেন আগামীর রূপরেখা।
বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় এই কর্মসূচির পোস্টার লঞ্চ করে তৃণমূল কংগ্রেস। ‘নাগরিকদের ভোটাধিকার এই আমাদের অঙ্গীকার’ শীর্ষক এই পোস্টার প্রকাশ করে বাংলার মানুষের অধিকার রক্ষার আহ্বান জানানো হয়েছে। কমিশনের কাঁধে বন্দুক রেখে বিজেপির গণতন্ত্র হত্যার চেষ্টা ও সাধারণ মানুষের ভোটাধিকার হরণের চক্রান্তের বিরুদ্ধে রুখে দাঁড়ানোই এই কর্মসূচির মুখ্য উদ্দেশ্য।




