নয়াদিল্লি: সোমবার খালিস্তানি একটি গোষ্ঠীর পক্ষ থেকে ইমেলের মাধ্যমে লালকেল্লা এবং দিল্লি বিধানসভা উড়িয়ে দেওয়ার হুমকি পাওয়া গিয়েছে৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই হুমকির সঙ্গে সঙ্গে দ্রুত তল্লাশি অভিযান শুরু করা হয়েছে। সেই সঙ্গে দিল্লিতে নিরাপত্তা সতর্কতা জোরদার করা হয়েছে।
লালকেল্লা এবং বিধানসভা চত্বর জুড়ে বোম্ব স্কোয়াড, সিআরপিএফ এবং অন্যান্য নিরাপত্তা সংস্থা যৌথভাবে সার্চ অপারেশন চালাচ্ছে। পুলিশ জানিয়েছে, এখন পর্যন্ত কোনো সন্দেহজনক বস্তু পাওয়া যায়নি। তবে ইমেলের উৎস খুঁজে বের করার চেষ্টা চলছে। এর আগে দিল্লি জুড়ে হাই অ্যালার্ট জারি করা হয়েছিল।
নিরাপত্তা সংস্থা জানিয়েছে, জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবা লালকেল্লায় বড় হামলার পরিকল্পনা করেছিল। তাদের লক্ষ্য ছিল দিল্লির মন্দির, ধর্মীয় স্থান এবং হেরিটেজ এলাকা। ইন্টেলিজেন্স নোটে উল্লেখ রয়েছে, জঙ্গিরা লালকেল্লায় আইইডি বিস্ফোরণ ঘটাতে পারে। চাঁদনি চক এবং ঘিঞ্জি এলাকাতেও হামলার ছক ছিল।
লালকেল্লা এবং বিধানসভা চত্বরের আশেপাশের এলাকা ঘনিষ্ঠ নজরদারিতে রাখা হয়েছে। তদন্তে জানা গিয়েছে, এই ষড়যন্ত্রে মোট ৮ জনকে গ্রেফতার করেছে৷ তাদের জিজ্ঞাসাবাদ চলছে৷ ঘটনায় নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সন্দেহজনক কোনো বস্তু দেখলে তা সঙ্গে সঙ্গে পুলিশকে জানাতে বলা হয়েছে।




