কলকাতা: বঙ্গ রাজনীতিতে ‘এক যুগের অবসান’। মুকুল রায়ের প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে তাঁর পরিবার সহ রাজনৈতিক মহলে। বাবাকে হারিয়ে পুত্র শুভ্রাংশুও মানসিকভাবে ভেঙে পড়েছেন। এহেন বিপদের দিনে তাঁর পাশে রয়েছে তৃণমূল। শুভ্রাংশুর পাশ ছাড়ছেন না তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। একেবারে যথার্থ বন্ধুর মতোই পাশে দেখা যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে।
নিউটাউনের হাসপাতাল থেকে মুকুল রায়ের মৃতদেহ বিধানসভায় আসার পর তাঁকে শ্রদ্ধা জানান রাজনৈতিক ব্যক্তিত্বরা। এখান থেকে কাঁচরাপাড়ার বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে সদ্যপ্রয়াত নেতা। আর এই যাত্রায় মুকুলপুত্রের সঙ্গী হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জানা যাচ্ছে, কাঁচরাপাড়ার বাড়ি থেকে শ্মশানে শেষকৃত্য পর্যন্ত শুভ্রাংশুর সঙ্গেই থাকবেন অভিষেক।
মুকুল রায়ের গুরুতর অসুস্থতার মাঝে সবচেয়ে বেশি তাঁর ও পরিবারের পাশে যাঁরা ছিলেন, তার মধ্যে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিউটাউনের যে হাসপাতালে মুকুলবাবু চিকিৎসাধীন ছিলেন, সেখানে একাধিকবার গিয়ে দেখে এসেছেন অভিষেক। তখন থেকেই মুকুলপুত্র শুভ্রাংশুকে ভরসা জুগিয়েছেন। বারবার শুভ্রাংশুকে তিনি আশ্বাস দিয়েছেন, যে কোনও প্রয়োজনে দল পাশে আছে।
এবার মুকুল রায়ের প্রয়াণেও সেই কথা রাখলেন অভিষেক। পিতৃহারা শুভ্রাংশুর পাশে পাশেই থাকছেন সর্বক্ষণ। জানা গিয়েছে, কলকাতা থেকে কাঁচরাপাড়ার বাড়িতে মুকুল রায়ের মৃতদেহ নিয়ে যাত্রায় তো বটেই, শ্মশানযাত্রাতেও শুভ্রাংশুর সঙ্গে থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।




