দেশজুড়ে চলছে লোকসভা নির্বাচন। আর তার মধ্যেই যৌন কেলেঙ্কারি সংক্রান্ত মামলায় নাম জড়িয়েছে কর্ণাটকে এনডিএ-র শরিক দল জেডিএসের প্রার্থী তথা হাসানের বিদায়ী সাংসদ প্রজ্বল রেভান্নার। ধর্ষণ, যৌন হেনস্তা, অশালীন ভিডিও তৈরি— একাধিক গুরুতর অভিযোগে দুষ্ট প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়ার নাতি। অবশেষে এবার পুলিশের জালে তিনি। বৃহস্পতিবার গভীর রাতে জার্মানি থেকে দেশে ফেরার সঙ্গে সঙ্গেই তাঁকে গ্রেপ্তার করেছে কর্ণাটক পুলিশ।
পুলিশ সূত্রের খবর, বৃহস্পতিবার মধ্যরাতে জার্মানি থেকে দেশে ফিরেছেন প্রাক্তন প্রধানমন্ত্রীর নাতি। ফেরার সঙ্গে সঙ্গেই বেঙ্গালুরুর ক্যাম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাঁকে গ্রেপ্তার করে বেঙ্গালুরু পুলিশ। সম্প্রতি জার্মানি থেকে দেওয়া এক ভিডিও বার্তায় প্রজ্জ্বল দাবি করেছিলেন, ৩০ মে মধ্যরাতে দেশে ফিরবেন তিনি। ৩১ মে সকাল দশটায় আত্মসমর্পণ করবেন। তবে সে সুযোগ পেলেন না জেডিএস নেতা। তার আগে মধ্যরাতেই বিমানবন্দর থেকে তাঁকে গ্রেপ্তার করল পুলিশ। এর আগে দুবার প্রজ্জ্বল দেশে ফেরার টিকিট কেটেও বাতিল করেছেন, তাই এবারও তিনি দেশে ফিরবেন কিনা সেটা নিয়ে সংশয় ছিল পুলিশের। যদিও বেঙ্গালুরু পুলিশ কড়া নজর রেখেছিল ক্যাম্পেগৌড়া বিমানবন্দরের দিকে। কর্ণাটক পুলিশের বিশেষ তদন্তকারী দল তথা সিট তাঁকে গ্রেপ্তার করে।




