চব্বিশের লোকসভা নির্বাচন ঘোষণার পর থেকে নতুন-পুরনো হাতে হাত ধরে একসঙ্গে নির্বাচনী প্রচারে ঝাঁপিয়ে পড়ার সুর বেঁধে দিয়েছিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর প্রচারের শেষ দিনেও দলীয় প্রার্থীদের হয়ে ভোট চাইতে রাজপথে ১২ কিলোমিটার পদযাত্রা করলেন তিনি। গত দুমাসে ভোটের প্রচারে শতাধিক জনসভা ও রোড শো করা মহিলাকে কুর্নিশ করে অনেকেই বলছেন, ‘এনার্জির নাম মমতা ব্যানার্জি।’
গত ১৬ মার্চ ঘোষণা হয়েছে চব্বিশের লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট। তার পর প্রশাসনিক কাজকর্ম সেরে ফেলার জন্য হাতে সময় ছিল কয়েকদিন মাত্র। সেসব করে ৩১ মার্চ থেকে নির্বাচনী প্রচারে পথে নেমেছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন জনসভা থেকে সেকথা নিজেই জানিয়েছেন তিনি। সুদূর উত্তরবঙ্গের কোচবিহার থেকে শুরু করেছেন নির্বাচনী জনসভা। একেকজন প্রার্থীর হয়ে একাধিক সভা করেছেন। টানা প্রায় দেড় মাস বাড়ি থেকে ছিলেন দূরে।
উত্তরবঙ্গের ভোট শেষে দক্ষিণবঙ্গে পা রেখেও বাড়ি ফেরেননি অনেকদিন। এর মাঝে প্রাকৃতিক দুর্যোগ, অসুস্থতা ছিল। তাও অতিক্রম করে গিয়েছেন মমতা। এমনকী ঘূর্ণিঝড় রেমাল সামলেও নিখুঁত টাইম ম্যানেজমেন্ট পূর্বপরিকল্পনা অনুযায়ী জনসভা, রোড শো সবই করেছেন মমতা। যেখানে রেমাল-আশঙ্কায় নির্বাচনী প্রচার বাতিলই করে দিয়েছেন অন্যান্য দলের নেতৃবৃন্দ।
পরিসংখ্যান বলছে, দুমাসে মমতা মোট ১০৭ টি জনসভা ও রোড শো করেছেন। মাঝে বিশ্রামের জন্য সামান্য সময় নিয়েছেন। আর দিনভর কখনও ছোট ছোট বৈঠক, আলোচনা, কখনও আবার মানুষের মাঝে মিশে জনসংযোগ। হতেই পারে তা পূর্ব নির্ধারিত রাজনৈতিক কর্মসূচির বাইরে। রাজ্যের যে যে প্রান্তে সংগঠন একটু দুর্বল, জোর দিয়েছেন সেসব জায়গায়। আসলে এটাই মমতা বন্দ্যোপাধ্যায়।




