কলকাতা: ধর্মতলায় তৃণমূলের চলমান ধরনা কর্মসূচির মধ্যেই সোমবার সন্ধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে দীর্ঘ বৈঠক ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর জল্পনা। ধর্নামঞ্চের পাশেই মুখ্যমন্ত্রীর অস্থায়ী শিবিরে এই বৈঠক হয় বলে দলীয় সূত্রে জানা গিয়েছে।
সূত্রের খবর, সোমবার সন্ধ্যা প্রায় আটটার কিছু আগে বৈঠক শুরু হয়। রাত ৯ টার কিছু পরে পর্যন্ত প্রায় এক ঘণ্টারও বেশি সময় ধরে আলোচনা চলে। বৈঠকের সময় ধর্নাস্থলের বাইরে উপস্থিত ছিলেন তৃণমূলের একাধিক মন্ত্রী ও নেতা। তাঁদের অনেকেই প্রথমে মনে করেছিলেন, বৈঠকটি খুব বেশি সময় ধরে চলবে না। সেই কারণেই কয়েকজন মন্ত্রী ধর্নাস্থল ছেড়ে চলে যান। পরে জানা যায় বৈঠক দীর্ঘ সময় ধরে চলেছে, যা নিয়ে দলীয় অন্দরে কৌতূহল আরও বেড়েছে।
মুখ্যমন্ত্রীর ধর্নার চতুর্থ দিনে এই বৈঠক হওয়ায় তার রাজনৈতিক গুরুত্ব নিয়েও আলোচনা শুরু হয়েছে। তৃণমূলের এক স্থানীয় নেতা জানিয়েছেন, ভোটের আগে দলের শীর্ষ নেতৃত্বের এমন বৈঠক সাধারণত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ইঙ্গিত দেয়। তাই অনেকেই মনে করছেন, আগামী দিনের রাজনৈতিক কৌশল নিয়েই আলোচনা হয়েছে।
যদিও বৈঠকে ঠিক কী বিষয়ে কথা হয়েছে, তা নিয়ে এখনও কোনও আনুষ্ঠানিক মন্তব্য করেননি তৃণমূলের শীর্ষ নেতারা। তবে দলের একাংশের মতে, আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রার্থী তালিকা এবং সাংগঠনিক প্রস্তুতি নিয়ে আলোচনা হয়ে থাকতে পারে। বিশেষ করে কয়েকটি জেলা এবং নির্দিষ্ট কিছু আসন নিয়ে দলের অন্দরে মতভেদ রয়েছে বলে সূত্রের দাবি।
অন্যদিকে দলের আরেক অংশ মনে করছে, ধর্মতলায় চলা ধরনা আন্দোলনের ভবিষ্যৎ রূপরেখাও এই বৈঠকের আলোচ্য বিষয় হতে পারে। ধর্না কত দিন চলবে এবং ভোটার তালিকা সংক্রান্ত এসআইআর ইস্যুতে দলের আন্দোলনের পরবর্তী পদক্ষেপ কী হবে তা নিয়েও আলোচনা হয়েছে বলে অনুমান করা হচ্ছে।




