গোবরডাঙা: ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় মঙ্গলবার সকালে চাঞ্চল্য ছড়ায় গোবরডাঙা স্টেশন সংলগ্ন বাজার এলাকায়৷ স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মের পাশে থাকা একটি হোটেলে প্রথমে আগুন লাগে বলে জানা গিয়েছে। পরে সেই আগুন দ্রুত পাশের কয়েকটি দোকানে ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকাল প্রায় ৭টা নাগাদ আচমকা বিস্ফোরণের মতো শব্দ শোনা যায়। কিছুক্ষণের মধ্যেই দেখা যায় হোটেলের ভেতর থেকে আগুনের শিখা ও কালো ধোঁয়া বেরোচ্ছে। বাজার এলাকা অত্যন্ত ঘিঞ্জি হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়।
আগুনের কারণে স্টেশন চত্বরে আতঙ্কের পরিবেশ তৈরি হয়। প্ল্যাটফর্মের ওপরেও ধোঁয়ার প্রভাব পড়ে এবং যাত্রীরা নিরাপদ স্থানে সরে যেতে শুরু করেন। এর প্রভাব পড়ে শিয়ালদহ-বনগাঁর ট্রেন পরিষেবায়। বেশ কিছুক্ষনের জন্য বিঘ্নিত হয় ওই শাখায় ট্রেন চলাচল। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় দমকলের দুটি ইঞ্জিন। দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করেন।
পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে ধীর গতিতে ট্রেন চালানো শুরু হয়। অফিস টাইম হওয়ায় বহু নিত্যযাত্রী সমস্যার মুখে পড়েন। শেষ পাওয়া খবর অনুযায়ী আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। আগুন লাগার সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে প্রশাসন ও দমকল বিভাগ।




