নয়াদিল্লি: বিমানযাত্রার ক্ষেত্রে নিরাপত্তা বিধি অত্যন্ত কঠোর। উড়ন্ত বিমানে ধূমপান করা সম্পূর্ণ নিষিদ্ধ। তবুও সেই নিয়ম ভেঙে মাঝ আকাশে বিমানের শৌচালয়ে বসে সিগারেট খাওয়ার অভিযোগ উঠল এক যাত্রীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে আকাশা এয়ারের একটি দিল্লি থেকে গোয়া গামী ফ্লাইটে। ৭ মার্চ শনিবার এই ঘটনা ঘটে বলে জানিয়েছে বিমান সংস্থা।
জানা গিয়েছে, অভিযুক্ত যাত্রীর নাম আশিস। তিনি দিল্লির বাসিন্দা। ওই দিন তিনি দিল্লি থেকে গোয়ার উদ্দেশে আকাশা এয়ারের একটি যাত্রীবাহী বিমানে যাত্রা করেছিলেন। মাঝ আকাশে বিমানের শৌচাগারে ঢুকে তিনি লুকিয়ে ধূমপান করতে শুরু করেন বলে অভিযোগ। কিছুক্ষণের মধ্যেই বিমানের কেবিনে সিগারেটের গন্ধ ছড়িয়ে পড়ে। বিষয়টি টের পেয়ে সতর্ক হয়ে ওঠেন বিমানকর্মীরা। পরে শৌচাগার পরীক্ষা করতে গিয়ে ওই যাত্রীকে ধরে ফেলেন তাঁরা। বিমান সংস্থার তরফে জানানো হয়েছে, অভিযুক্ত যাত্রীর কাছে একটি লাইটারও পাওয়া গিয়েছে।
বিমান চলাচলের নিয়ম অনুযায়ী বিমানে লাইটার বা দেশলাই নিয়ে ওঠা কঠোরভাবে নিষিদ্ধ। কারণ উড়ন্ত বিমানে আগুন লাগলে তা বড়সড় দুর্ঘটনার কারণ হতে পারে। এতে বিমানে থাকা যাত্রীদের জীবনও ঝুঁকির মুখে পড়তে পারে বলে জানিয়েছেন বিমান সংস্থার কর্তারা।
ঘটনার পর বিমানকর্মীরা অভিযুক্ত যাত্রীকে নজরদারিতে রাখেন। পরে ফ্লাইটটি গোয়ার মোপা বিমানবন্দরে অবতরণ করলে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। ইতিমধ্যেই পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
এই ঘটনার পর বিমান সংস্থাগুলি যাত্রীদের বোর্ডিংয়ের আগে নিরাপত্তা পরীক্ষায় আরও কড়াকড়ি করার সিদ্ধান্ত নিয়েছে। যাতে কোনও যাত্রী নিষিদ্ধ বস্তু লুকিয়ে বিমানে তুলতে না পারেন, সে বিষয়ে নজরদারি বাড়ানো হয়েছে। আকাশা এয়ারের তরফে জানানো হয়েছে, তারা এই ঘটনায় পুলিশের তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করছে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।




