কলকাতা: এসআইআর-এর চূড়ান্ত তালিকায় নাম নেই বৈধ ভোটারদের। বারবার হয়রানির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। এই আবহে রবিবার বাংলায় এসেছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। সোমবার সারাদিন নির্বাচনের প্রস্তুতি নিয়ে একাধিক বৈঠক করবেন জ্ঞানেশ কুমার। এদিকে মেট্রো চ্যানেলের ধরনা মঞ্চ থেকে জ্ঞানেশ কুমারের উপর চাপ বর্তমান রাখবেন জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব হবেন মমতা।
জ্ঞানেশ কুমার সোমবার প্রথমেই বৈঠক করবেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগারওয়াল এবং তাঁর দফতরের সঙ্গে। কোন পথে অ্যাডজুডিকেশনের সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হবে, তা নিয়ে সিদ্ধান্ত হবে সেখানেই। কমিশনের আধিকারিকদের সঙ্গে বৈঠকের পাশাপাশি সোমবারই নির্ধারিত রয়েছে একাধিক রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক। সোমবারে তৃণমূলের তরফে প্রতিনিধি দল দেখা করবে জ্ঞানেশ কুমারসহ দেশের অন্য দুই নির্বাচন কমিশনার এস এস সান্ধু ও বিবেক জোশি নেতৃত্বে ফুল বেঞ্চের সঙ্গে।
জানা যাচ্ছে, ধর্না মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যেসব দাবি উত্থাপন করেছেন তা কমিশনের ফুল বেঞ্চের সামনে তুলে ধরবেন তৃণমূলের এই প্রতিনিধিরা। পাশাপাশি সুপ্রিম-নিয়ম ভেঙে যেভাবে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ এবং তার বিস্তারিত তথ্য পেশ এড়িয়ে চলেছে কমিশন, তা নিয়েও প্রশ্ন তোলা হবে। রাজ্যের এই প্রতিনিধিরা কমিশনের থেকে যে উত্তর পাবেন তা নিয়েই ধরনা মঞ্চ থেকে সরব হবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
নির্বাচন কমিশনের সামনে এখন সব থেকে বড় চ্যালেঞ্জ অ্যাডজুডিকেশন সমস্যার সমাধান। সুপ্রিম কোর্টের নির্দেশ থাকলেও সমাধান হওয়া ভোটারদের কোনও তালিকায় আজও পর্যন্ত তারা প্রকাশ করতে পারেনি। যা নিয়ে প্রশ্ন তুলেছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার এই সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণের জন্যই সোমবার সারাদিন বৈঠক করবে নির্বাচন কমিশন।




