নয়াদিল্লি: মধ্যপ্রাচ্যের যুদ্ধের জেরে সর্বকালের রেকর্ড গড়ে পড়ল টাকার দাম। গত ৪ মার্চ প্রথমবার মধ্যপ্রাচ্যে যুদ্ধের ধাক্কায় টাকার দাম ৭০ পয়সা বেড়ে ৯২ টাকার গণ্ডি ছাপিয়ে যায়। মার্কিন ডলারের দাম দাঁড়ায় ৯২.১৭ টাকা। এবার সোমের সকালে লেনদেনের শুরুতে এক মার্কিন ডলারের দাম দাঁড়িয়েছে ৯২.৩০ টাকা। বিশেষজ্ঞদের দাবি, বিশ্বব্যাপী সংঘাতের পরিস্থিতি, অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি এবং বিদেশী বিনিয়োগকারীদের বাজার থেকে অর্থ তুলে নেওয়া এই সমস্ত কারণে প্রভাব পড়েছে ভারতীয় মুদ্রার উপরেও।
সর্বকালের রেকর্ড ছুঁয়ে টাকার দাম হল ৯২.৩০ টাকা। আগামীতে আরও পতন হতে পারে টাকার দাম। মধ্যপ্রাচ্যের যুদ্ধ যদি অব্যাহত থাকে এবং পাশাপাশি অপরিশোধিত তেলের মূল্যবৃদ্ধি পেতে থাকে তবে টাকার দামেও পরিবর্তন অবশ্যম্ভাবী। অর্থাৎ আরও পতন হতে পারে টাকার দামের। এদিকে, শেয়ার বাজার সূত্রে জানা গিয়েছে, যুদ্ধের বাজারে সবচেয়ে বেশি করে রক্তাক্ত হয়েছে ব্যাঙ্কিং , আইটি সেক্টর এবং ধাতব সংস্থার স্টকগুলি। সোমবার সকালে সেনসেক্স পড়েছে ২,১৭৭.৬১ পয়েন্ট। অন্যদিকে নিফটি ৬৪৭.৬০ পয়েন্টে পড়েছে।
প্রসঙ্গত, ২৮ ফেব্রুয়ারি ইরানের মাটিতে যৌথ হামলা চালায় আমেরিকা ও ইজরায়েল। কার্যত তছনছ হয়ে গিয়েছে তেহরান-সহ ইরানের একাধিক অঞ্চল। হামলায় মৃত্যু হয়েছে আয়াতোল্লা আলি খামেনেইর। জবাবে মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে থাকা আমেরিকার একাধিক সেনাঘাঁটি ও ইজরায়েলে হামলা চালাচ্ছে ইরান। কুয়েত, বাহরিন, ওমান, জর্ডন, ইরাক, সংযুক্ত আরব আমিরশাহী, সৌদি আরব, সিরিয়া, তুরস্কের উপর ব্যাপক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালানো হয়েছে। রাশিয়া, চিন, স্পেন, ভারত-সহ একাধিক দেশ শান্তিপ্রস্তাব দিলেও কোনও পক্ষই যুদ্ধ থেকে সরতে রাজি নয়।




