উত্তর দিনাজপুর: রান্নার গ্যাস সিলিন্ডার নিয়ে এক চমকে দেওয়া ঘটনা সামনে এসেছে। ঘটনাস্থল উত্তর দিনাজপুরের ইসলামপুর৷ গ্যাস জ্বলছিল না বলে পরীক্ষা করতে গিয়ে সিলিন্ডারের ভিতর থেকে বেরিয়ে এল লিটার লিটার ঘোলাটে জল। ঘটনাটি প্রকাশ্যে আসতেই এলাকাজুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
জানা গিয়েছে, ইসলামপুর পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণপাড়ার বাসিন্দা শিখা ভট্টাচার্য কয়েকদিন আগে একটি নতুন গ্যাস সিলিন্ডার বাড়িতে নিয়ে আসেন। প্রথমদিকে সেই সিলিন্ডার দিয়ে স্বাভাবিকভাবেই রান্না চলছিল। কিন্তু কয়েকদিনের মধ্যেই হঠাৎ গ্যাস জ্বলা বন্ধ হয়ে যায়। এতে সমস্যায় পড়েন ওই গৃহবধূ।
এরপর তিনি গ্যাস ডেলিভারি সংস্থাকে বিষয়টি জানান। খবর পেয়ে সংস্থার এক কর্মী বাড়িতে এসে সিলিন্ডার পরীক্ষা করেন। প্রথমে তিনি জানান, সম্ভবত রেগুলেটরে সমস্যা হয়েছে। পরে রেগুলেটর বদলেও দেখা হয়। কিন্তু তাতেও সিলিন্ডার থেকে গ্যাস বের হচ্ছিল না। সন্দেহ হওয়ায় সিলিন্ডারটি নাড়াচাড়া করে দেখা হয়। তখন মনে হয় সিলিন্ডারের ভিতরে যেন কোনো তরল পদার্থ রয়েছে। পরে সিলিন্ডারের ওয়াশার খুলে সেটিকে উল্টো করে একটি বালতির মধ্যে রাখা হয়। তখনই সিলিন্ডারের ভিতর থেকে দ্রুত বেরিয়ে আসে ঘোলাটে জল।
স্থানীয়দের দাবি, প্রায় ১০ লিটারের কাছাকাছি জল বেরিয়েছে সিলিন্ডার থেকে। এমন দৃশ্য দেখে হতবাক হয়ে পড়েন গৃহবধূ এবং আশপাশের মানুষজন। সাধারণত একটি গ্যাস সিলিন্ডারে ১৪ কেজি তরল গ্যাস থাকার কথা। সেখানে এত পরিমাণ জল কীভাবে এল তা নিয়ে প্রশ্ন উঠেছে।
এই ঘটনায় ক্ষুব্ধ সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর অসিত সেন। তিনি বলেন, “এ ধরনের ঘটনা খুবই উদ্বেগজনক। বিষয়টি খতিয়ে দেখতে গ্যাস ডিলারের বিরুদ্ধে অভিযোগ জানানো হবে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।” অন্যদিকে এলপিজির ইসলামপুর শাখার ডিলার সন্তোষ বোস জানিয়েছেন, অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে দেখা হবে।




