নদিয়া: নির্বাচনের আগে নদিয়ার শান্তিপুরে ভোটার তালিকা ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে৷ একই বুথ থেকে একসঙ্গে ২৫২ জনের নাম বাদ পড়ায় নতুন গ্রাম এলাকায় উদ্বেগ ও ক্ষোভ ছড়িয়েছে। হঠাৎ করে নাম বাদ যাওয়ায় অনেকেই নাগরিকত্ব নিয়ে আশঙ্কায় ভুগছেন।
ঘটনাটি শান্তিপুর ব্লকের হরিপুর গ্রাম পঞ্চায়েতের নতুন গ্রাম এলাকার ৭৪ নম্বর বুথে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই বুথে মোট ভোটার সংখ্যা প্রায় ১৩৫০। ভোটার তালিকা সংশোধনের সময় ৩৭৭ জনকে শুনানির জন্য ডাকা হয়েছিল। অভিযোগ, তারা প্রয়োজনীয় সমস্ত নথি জমা দেওয়ার পরেও শেষ পর্যন্ত ২৫২ জনের নাম তালিকা থেকে বাদ পড়ে যায়।
এতে গ্রামজুড়ে তীব্র অনিশ্চয়তার পরিবেশ তৈরি হয়েছে। যাদের নাম বাদ পড়েছে তাঁদের দাবি, তাঁরা জন্ম থেকেই এই এলাকায় বসবাস করছেন। এখানেই তাদের শিক্ষা ও কর্মজীবন গড়ে উঠেছে। অনেকেই জানিয়েছেন, গত দুই দশকেরও বেশি সময় ধরে তারা নিয়মিতভাবে ভোট দিয়েছেন।
তাদের বক্তব্য, ২০০২ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত তারা প্রতিটি নির্বাচনে ভোট দিয়েছেন। তাই হঠাৎ করে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ায় তারা বিস্মিত ও ক্ষুব্ধ। গ্রামবাসীদের একাংশের অভিযোগ, পরিকল্পিতভাবে তাদের নাম বাদ দেওয়া হয়েছে। গ্রামবাসীরা জানান, শুনানির সময় তারা লাইনে দাঁড়িয়ে সমস্ত প্রয়োজনীয় নথিপত্র জমা দিয়েছিলেন। তবুও কেন তাদের নাম বাদ পড়ল, সে বিষয়ে স্পষ্ট কোনও ব্যাখ্যা দেওয়া হয়নি। এর ফলে নাগরিকত্ব নিয়ে অনেকের মধ্যেই নতুন করে দুশ্চিন্তা দেখা দিয়েছে।
বিশেষ করে মহিলা ভোটারদের মধ্যে উদ্বেগ বেশি। তাঁদের দাবি, এই পরিস্থিতিতে কোথায় গিয়ে অভিযোগ জানাতে হবে তা তারা বুঝে উঠতে পারছেন না। অনেক পরিবারই এখন চরম মানসিক চাপের মধ্যে রয়েছে। স্থানীয়দের মতে, এত বড় সংখ্যায় ভোটারের নাম বাদ পড়া অত্যন্ত গুরুতর বিষয়। দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ এবং সঠিক তদন্তের দাবি তুলেছেন তাঁরা। গ্রামবাসীদের হুঁশিয়ারি, দ্রুত সমস্যার সমাধান না হলে তারা বৃহত্তর আন্দোলনের পথে যেতে বাধ্য হবেন।




