কলকাতা: রবিবার রাতে লন্ডনের রয়্যাল ফেস্টিভ্যাল হলে BAFTA-র পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়। আন্তর্জাতিক মঞ্চে লক্ষ্মীপ্রিয়া দেবী পরিচালিত আঞ্চলিক ভারতীয় ছবির জয়জয়কার। ‘বেস্ট চিলড্রেনস অ্যান্ড ফ্যামিলি ফিল্ম’ বিভাগে পুরস্কৃত হয় ‘বুং’। ৭৯ তম ‘বাফটা’র মঞ্চে ভারতীয় ছবির জয়জয়কার। ফারহান আখতারের ‘বুং’ ছবির সাফল্যে অভিভূত বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এক্স হ্যান্ডেলে পোস্ট করে গোটা টিমকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা লেখেন, “বাফটার মঞ্চে মণিপুরি ছবি ‘বুং’-এর জয়জয়কারে আমি সত্যিই অভিভূত। সমস্ত বাধা পেরিয়ে ‘বেস্ট চিলড্রেন অ্যান্ড ফ্যামিলি ফিল্ম’ বিভাগে পুরস্কার জয়। প্রথমবার কোনও ভারতীয় ছবি এই বিভাগে পুরস্কার জয় করেছে। গোটা টিমকে আমার আন্তরিক অভিনন্দন। আপনারা গোটা বিশ্বকে গর্বিত করেছেন।”
পুরস্কার ঘোষণার সময় অনুষ্ঠানস্থলে উপস্থিত ছিলেন সস্ত্রীক ফারহান আখতার, লক্ষ্মীপ্রিয়া দেবী এবং রীতেশ সিধওয়ানি উপস্থিত ছিলেন। ‘বেস্ট চিলড্রেনস অ্যান্ড ফ্যামিলি ফিল্ম বিভাগে মনোনীত হয়েছিল ‘আর্কো’, ‘লিলো অ্যান্ড স্টিচ’, ‘জুট্রোপলিস ২’-র মতো হলিউডের মেগা বাজেটের ছবি। সকলকে পিছনে ফেলে জয়জয়কার ‘বুং’ ছবির। সকলে মিলে ট্রফি নেন।
‘বাফটা’ পুরস্কার হাতে লক্ষ্মীপ্রিয়া বলেন, “এই মঞ্চকে কাজে লাগিয়ে আমি মণিপুরে শান্তি ফেরার প্রার্থনা জানাচ্ছি। আমার প্রার্থনা, আমাদের সিনেমার ছোট্ট বুংয়ের মতো মণিপুরের সমস্ত বাস্তুচ্যুত শিশুরা যেন তাদের নির্মল সহজ-সরল শৈশব ফিরে পায়। ভবিষ্যতে ওদের সব স্বপ্ন পূরণ হোক। তাই ‘বাফটা’র মঞ্চকে ধন্যবাদ, এই স্বীকৃতি আমাদের কাছে পুরস্কারের থেকেও অনেক বেশি আশার আলো।”




