কলকাতা: রাজ্য সরকারি কর্মীদের পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল পশ্চিমবঙ্গ সরকার৷ নতুন সংশোধিত নির্দেশিকা অনুযায়ী, ডেথ গ্র্যাচুইটি পাওয়ার ক্ষেত্রে পরিবারের মধ্যে এবার থেকে বিবাহিত কন্যাসন্তানদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে। এতদিন এই বিষয়ে স্পষ্টতা না থাকায় বহু পরিবার প্রশাসনিক ও আইনি সমস্যায় পড়ত।
সরকারি সূত্রে জানা গিয়েছে, নবান্ন থেকে জারি হওয়া অর্থ দফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংবিধানের ৩০৯ নম্বর অনুচ্ছেদের ক্ষমতাবলে ‘ওয়েস্ট বেঙ্গল সার্ভিসেস (ডেথ-কাম-রিটায়ারমেন্ট বেনিফিট) রুলস, ১৯৭১’-এর নির্দিষ্ট ধারায় সংশোধন করা হয়েছে। সংশোধনের ফলে গ্র্যাচুইটির ক্ষেত্রে পরিবারের সংজ্ঞা আরও বিস্তৃত ও স্পষ্ট হয়েছে।
নতুন নিয়ম অনুযায়ী পরিবারের সদস্য হিসেবে গণ্য হবেন মৃত পুরুষ কর্মীর স্ত্রী, মহিলা কর্মীর স্বামী, সৎ পুত্র-সহ পুত্রসন্তান, অবিবাহিতা, বিধবা এবং বিবাহবিচ্ছিন্না কন্যা (সৎ কন্যা-সহ), ১৮ বছরের কম বয়সি ভাই, অবিবাহিতা বা বিধবা বোন, প্রয়াত কর্মীর বাবা, প্রয়াত কর্মীর মা ও বিবাহিত কন্যাসন্তান।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, নতুন নিয়ম চালুর আগে যদি কোনও গ্র্যাচুইটি দাবি অমীমাংসিত থাকে, তবে তা সংশোধিত বিধি অনুযায়ী পুনর্বিবেচনা করা যাবে। এতে বহু পুরনো আবেদন নিষ্পত্তির পথ খুলবে বলে প্রশাসনের আশা। নির্দেশিকাটি অবিলম্বে কার্যকর করার জন্য রাজ্যের সমস্ত সংশ্লিষ্ট প্রশাসনিক দপ্তরকে ইতিমধ্যে জানিয়ে দেওয়া হয়েছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে৷




