শীঘ্রই বড় সুসংবাদ পেতে চলেছে ঘাটালবাসী। চলছে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ। আর আগামী ফেব্রুয়ারিতেই এই নিয়ে সুখবর শোনাবেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একান্ত সাক্ষাৎকারে এমনই জানিয়ে দিলেন তৃণমূলের সাংসদ-অভিনেতা দীপক অধিকারী তথা দেব। বৃহস্পতিবার সাংবাদিক ও প্রাক্তন সাংসদ কুণাল ঘোষকে দেওয়া এক সাক্ষাৎকারে অকপট দেব বলেন, দীর্ঘদিনের ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর করার কোনও সদিচ্ছা কেন্দ্রের নেই। সেই কারণেই তিরিশ বছর ধরে পড়ে থেকেও বাস্তবের মুখ দেখেনি এই প্রকল্প। তিনি আশ্বস্ত করেছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই অসাধ্য সাধনের জন্য চেষ্টা চালাচ্ছেন। কাজ এগোচ্ছে। আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যেই মিলবে সুখবর।
পাশাপাশি, এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করেন দেব। এবছর লোকসভা নির্বাচনের আগে ভোটে দাঁড়াবেন না বলে দলকে জানান দেব। কারণ হিসেবে ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়নের কোনও সম্ভাবনা নেই দেখে নিরাশ হয়ে পড়েছিলেন। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁকে বলেন, ঘাটাল মাস্টার প্ল্যান রাজ্য সরকার করবে। একথা শুনে অবাক হয়ে যান দেব। এরপরই তিনি সিদ্ধান্ত বদলান।.উল্লেখ্য, দেব মেদিনীপুরের ভূমিপুত্র দেব। ছোটবেলা থেকেই জলমগ্ন ঘাটাল দেখেছেন। সাংসদ হওয়ার পর সমাধানের আশায় দেবের দিকেই তাকিয়ে রয়েছেন তাঁর লোকসভা এলাকার বাসিন্দারা।




