শুরু হয়েছে দেবীপক্ষ। বেজে গিয়েছে পুজোর বাদ্যি। ইতিমধ্যেই পুজো উদ্বোধন আরম্ভ করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার বৃষ্টি মাথায় নিয়েই কলকাতায় ১৬টি পুজোর উদ্বোধন করেছেন। আর আজ, শুক্রবার ফের পুজো উদ্বোধন রয়েছে কলকাতায়। ত্রিধারা সম্মিলনী থেকে জেলার ৪০০টি পুজোর ভার্চুয়াল উদ্বোধন করবেন মমতা। বৃহস্পতিবার টালা প্রত্যয়ের পুজো উদ্বোধন দিয়ে কর্মসূচি শুরু করেন মুখ্যমন্ত্রী। সেখানেই বাংলার মানুষের জন্য উচ্ছ্বসিত উৎসবের কামনা করলেন। একই সঙ্গে ফের জানিয়ে দিলেন, বাংলাই বিশ্বের সেরা। বাংলা যা পারে, আর কেউ তা পারে না। বৃষ্টি হলেও মা’কে বরণে কোনও খামতি রাখবে না বাংলার মানুষ।
এদিন সকলের মঙ্গল কামনা করে মুখ্যমন্ত্রী বলেন, “উৎসব হোক উৎসারিত, উৎসব হোক উচ্ছ্বসিত সেই সঙ্গে আশ্বস্ত করেন বৃষ্টিতে ভয়ের কোনও কারণ নেই, কিন্তু সজাগ থাকতে হবে।” প্রতিবছরই মুখ্যমন্ত্রীকে দিয়ে পুজো উদ্বোধনের সংখ্যা বেড়েই চলেছে। কলকাতার পাশাপাশি জেলাগুলিতেও এই চাহিদা প্রচুর। কাউকেই নিরাশ করতে চান না তিনি। তা সত্ত্বেও ব্যস্ততার মধ্যেও যতগুলি পারেন তা করতে থাকেন তিনি। এবারও ব্যতিক্রম হচ্ছে না তার। এবার পুজোয় রয়েছে বৃষ্টির পূর্বাভাসও। ঠাকুর দেখতে বেরনোর সঙ্গে ছাতা-রেনকোট সঙ্গে রাখার পরামর্শ দিয়েছেন মমতা।




