স্বীকৃতির অনন্য পালক যোগ হল বঙ্গের মুকুটে। এবার বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার মর্যাদা দিল কেন্দ্র। বৃহস্পতিবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। শেষপর্যন্ত বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি মানল কেন্দ্রের এনডিএ সরকার। এতে খুশি হয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ভারত সরকারের কাছ থেকে এই স্বীকৃতি ছিনিয়ে নেওয়া হয়েছে। “আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি, আমাদের দীর্ঘ লড়াইয়ের পর আমাদের মাতৃভাষা বাংলাকে ভারত সরকার একটি ধ্রুপদী ভাষার মর্যাদা দিয়েছে। অনেকদিন ধরে আমরা কেন্দ্রীয় সরকারের সংস্কৃতি মন্ত্রকের কাছে এই সংক্রান্ত গবেষণালব্ধ বিপুল তথ্য জমা দিয়ে দাবি করছিলাম যাতে বাংলা ভাষাকে এই স্বীকৃতি দেওয়া হয়। আজ আমাদের সেই স্বপ্ন পূরণ হলো। কেন্দ্রীয় সরকার আজ সন্ধ্যায় আমাদের দাবি মেনে নিয়েছে। অন্য কয়েকটি রাজ্যের ভাষা আগে এই স্বীকৃতি পেলেও বাংলাকে বঞ্চিত রাখা হয়েছিল। ভালো লাগছে, আমাদের লড়াইয়ে অবশেষে বাংলা ভাষা এই অভিপ্রেত এবং ন্যায্য স্বীকৃতি পেল”, নিজেই এক্স হ্যান্ডলে লিখেছেন তিনি।
প্রসঙ্গত উল্লেখ্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের বহুদিনের দাবি ছিল যে বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার মর্যাদা দেওয়া হোক। দীর্ঘদিনের সেই দাবি পূরণ হল এদিন। চলতি বছর জানুয়ারি মাসেই বাংলাকে ধ্রুপদী ভাষার মর্যাদা দিতে প্রধানমন্ত্রীকে চিঠি লেখেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্ন ছিল, তামিল, মালায়লম, ওড়িয়ার মতো আঞ্চলিক ভাষা যদি ধ্রুপদী ভাষার মর্যাদা পায়, তবে বাংলার মত আড়াই হাজার বছরের প্রাচীন ভাষা কেন ধ্রুপদী ভাষার মর্যাদা পাবে না? এমনকী বাংলা ভাষার বিবর্তন ও ইতিহাস নিয়ে গবেষণার জন্য সরকার একটি কমিটি তৈরি করেছিল। ভাষাবিদ, পণ্ডিত এবং আমলাদের নিয়ে গঠিত কমিটি একটা চার খণ্ডের গবেষণাপত্র তৈরি করে। সেই গবেষণা লব্ধ রিপোর্ট কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে পাঠানো হয়েছিল। তারই ভিত্তিতে এবার বাংলাকে ধ্রুপদী ভাষার স্বীকৃতি দিল কেন্দ্র। ধ্রুপদী ভাষার স্বীকৃতি পাওয়ার ফলে বাংলা ভাষার উৎকর্ষ ও গবেষণার অনেক নতুন দিক খুলে যেতে চলেছে বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল। কেন্দ্রের কাছ থেকেও এব্যাপারে বিভিন্ন সহায়তা মিলবে। প্রতি বছর বাংলার দুজন বিশিষ্ট গবেষক গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক পুরস্কারের জন্য মনোনীত হবেন। বাংলা ভাষা গবেষণার একটি উৎকর্ষ কেন্দ্র তৈরি হবে। বাংলা ভাষা নিয়ে গবেষণা ও বাংলার মাধ্যমে শিক্ষাদানের জন্য ইউজিসি বিভিন্ন কেন্দ্রীয় বিশ্ব বিদ্যালয়ে অধ্যাপকের পদ তৈরি করবে। বাংলার পাশাপাশি এদিন মারাঠি, পালি, প্রাকৃত এবং অসমীয়া ভাষাকেও ধ্রুপদী ভাষার মর্যাদা দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা।




