রাজ্যের স্বাস্থ্য-পরিকাঠামো নিয়ে আলোচনার লক্ষ্যে আজ, বৃহস্পতিবার নবান্নে মেগা বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিকেল সাড়ে ৪টায় নবান্ন সভাঘরে ওই বৈঠকে উপস্থিত থাকার জন্যে রাজ্যের সব মেডিক্যাল কলেজের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, হাসপাতালের সুপার, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক, সব হাসপাতালের সিভিল ইলেক্ট্রিক্যাল, আইটি বিভাগের কর্মীদের যোগ দিতে নির্দেশ দেওয়া হয়েছে। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, পুলিশ ও স্বাস্থ্য দফতরের শীর্ষ আধিকারিকরা থাকবেন বৈঠকে। জরুরি ভিত্তিতে এই বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী। সকলের সঙ্গে আলোচনার পর বেশ কিছু সিদ্ধান্ত নেবে সরকার। ‘রাত্তিরের সাথী’ প্রকল্পটি নিয়েও হবে আলোচনা। প্রসঙ্গত, আর জি কর-কাণ্ডের পর রাত্তিরের সাথী প্রকল্পের আওতায় হাসপাতালের নিরাপত্তা পরিকাঠামোর উন্নয়নে একগুচ্ছ পদক্ষেপ ঘোষণা করা হয়েছে। এর বাস্তবায়নের জন্য শীঘই অর্থের সংস্থান করা হবে বলেও আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। ওই প্রকল্পের আওতায় কর্মস্থলে মহিলাদের জন্য আলাদা শৌচালয় ও বিশ্রামাগারের ব্যবস্থা করা হচ্ছে। পর্যাপ্ত জলের ব্যবস্থা রাখতে হবে। মহিলা কর্মজীবীদের নিরাপত্তার জন্য রাতে কর্মস্থলে রাখা হবে বিশেষ মহিলা স্বেচ্ছাসেবক।
পাশাপাশি, প্রতিটি কর্মস্থল সিসি ক্যামেরার নজরদারির আওতায় আনা হচ্ছে। ২৪ ঘণ্টা ধরে চলবে বিশেষ নজরদারি। মহিলা কর্মজীবীদের জন্য বিশেষ হেল্পলাইন নম্বর চালু হচ্ছে। আপাতত ১০০ ও ১১২ নম্বরে সাহায্য চেয়ে ফোন করতে পারবেন তাঁরা। সেই সঙ্গে হাসপাতাল এবং মেডিক্যাল কলেজগুলিতে ঢোকা প্রত্যেকেরই শ্বাস পরীক্ষা করা হবে। অথাৎ কেউ মদ্যপ অবস্থায় রয়েছেন কিনা, দেখা হবে তা। মহিলা কর্মজীবীদের যৌন নির্যাতন রুখতে প্রতিটি হাসপাতাল, মেডিক্যাল কলেজ-সহ বিভিন্ন অফিসে বিশাখা কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। হাসপাতাল, মেডিক্যাল কলেজ-সহ বিভিন্ন অফিসে মহিলাদের নৈশকালীন ডিউটি বরাদ্দ করার ক্ষেত্রে বেশ কয়েকটি বিষয়ে নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে। যাতে মহিলা কর্মজীবীদের সঙ্গে তাঁর পরিচিত কিংবা কোনও মহিলা সঙ্গিনীকে ডিউটি দেওয়া হয় তার উপরে বিশেষ জোর দিতে বলা হয়েছে। এছাড়াও প্রতিটি মেডিক্যাল কলেজ হাসপাতাল, মহিলা হোস্টেলে রাত ভর চলবে বিশেষ পুলিশ পেট্রলিং। মেডিক্যাল কলেজ হাসপাতালে এখন থেকে চিকিৎসক-সহ প্রতিটি কর্মীকে গলায় রাখতে হবে সচিত্র পরিচয়পত্র। নিরাপত্তা সুনিশ্চিত করতে প্রতিটি মেডিক্যাল কলেজ হাসপাতালগুলিতে নিরাপত্তা আধিকারিক নিযুক্ত করা হচ্ছে। পুরো নিরাপত্তা তদারকির দায়িত্ব সামলাবেন তাঁরাই।




