বেফাঁস মন্তব্য করে ফের বিতর্কে জড়িয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ঝাড়খণ্ডে বিজেপি ক্ষমতায় এলে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের উল্টো করে ঝুলিয়ে উচিত শিক্ষা দেওয়া হবে! ঝাড়খণ্ডের এক নির্বাচনী সভায় সম্প্রতি এমনই মন্তব্য করেছিলেন অমিত শাহ। সোমবার সেই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানাল বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। এ নিয়ে বাংলাদেশের বিদেশমন্ত্রকের তরফে ঢাকায় ভারতের ডেপুটি হাইকমিশনারের কাছে একটি প্রতিবাদ পত্র পাঠানো হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রীর এহেন মন্তব্য অত্যন্ত দুঃখজনক, এমনই উল্লেখ করা হয়েছে সেখানে।
প্রসঙ্গত, গত সপ্তাহে ঝাড়খণ্ডের আসন্ন বিধানসভা নির্বাচনে প্রচারে এসে শাহ বলেন, “যদি ঝাড়খণ্ডের মানুষ বিজেপিকে ক্ষমতায় নিয়ে আসে, তাহলে বাংলাদেশি অনুপ্রবেশকারীকে উল্টো করে ঝুলিয়ে উচিত শিক্ষা দেব। আসলে এরা লালুপ্রসাদ যাদব, জেএমএম ও রাহুল বাবার কংগ্রেসের ভোটব্যাঙ্ক। কথা দিচ্ছি, সরকার পরিবর্তন হলে এদের খুঁজে বের করে রাজ্য থেকে ছুড়ে ফেলা হবে।” শাহর এই মন্তব্যে বেজায় ক্ষুব্ধ বাংলাদেশের বর্তমান সরকার। তাদের বক্তব্য, নেতারা যাতে এধরনের আপত্তিকর মন্তব্য না করেন, তা নিয়ে তাঁদের সতর্ক করা উচিত ভারত সরকারের। প্রতিবেশী দেশের মানুষজনকে নিয়ে ভারতের নেতা-মন্ত্রীদের এই মন্তব্য দুই দেশের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও বন্ধুত্বপূর্ণ মনোভাবকে কলুষিত করে বলেই মনে করছে তারা।




