২০২৪-এর লোকসভা নির্বাচনে ভরাডুবির পর থেকেই ফের দুঃসময় শুরু হয়েছে বঙ্গ বিজেপিতে। একের পর এক কর্মীরা দল ছাড়তে শুরু করেছেন। ক্রমশ দুর্বল হচ্ছে সংগঠন। এবার ফের বড়সড় ধস নামল পদ্ম-পরিবারে। গত সোমবার দলের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে বিজেপি ছেড়েছিলেন জেলার কোচবিহারের ছাত্র-যুবরা। আর মঙ্গলবার জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে মাথাভাঙা বিধানসভা কেন্দ্রের বড়শৌলমারি অঞ্চলের উপপ্রধান স্বপ্না মজুমদার সরকার বিজেপি ছেড়ে যোগদান করলেন ঘাসফুল শিবিরে।
এদিন স্বপ্নাদেবীর হাতে দলের দলের পতাকা তুলে দেন তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক। সঙ্গে ছিলেন মাথাভাঙার পঞ্চায়েত সমিতির সভাপতি সাবলু বর্মন। জেলা সভাপতি বলেন, বিজেপি দলে থেকে গ্রামের উন্নয়ন সম্ভব নয় বুঝে তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। উপপ্রধান স্বপ্না মজুমদার বলেন, আগামী দিনে দলের পরামর্শ মেনে চলবেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ মেনে অনুপ্রাণিত হয়ে দলে এসেছেন, এমনই জানিয়েছেন তিনি।




