কেটে গিয়েছে বছরের পর বছর। তবুও কাটেনি অন্ধকার। মোদী-জমানায় দেশের বিজেপিশাসিত রাজ্যগুলিতে নারীসুরক্ষা ও নারীনিরাপত্তার পরিস্থিতি রয়ে গিয়েছে সেই তিমিরেই। ক্রমশ পাল্লা দিয়ে বেড়েছে নারীনির্যাতন ও ধর্ষণের ঘটনা। যার কবল থেকে রেহাই পায়নি নাবালিকা ও শিশুরাও! এবার খোদ প্রধানমন্ত্রীর রাজ্যে এক যুবকের পাশবিক যৌন লালসার শিকার হল দশ মাসের এক শিশুকন্যা। ঘটনাটি ঘটেছে গত রবিবার, ভারুচের পানোলি গ্রামে। অভিযুক্ত দীপক কুমার লালবাবু সিং নির্যাতিতার পরিবারের অত্যন্ত পরিচিত বলে জানা গিয়েছে। বাড়িতে এসে প্রায়ই শিশুটির সঙ্গে খেলত সে।
প্রসঙ্গত, প্রাথমিক তদন্তের পরে পুলিশ জানিয়েছে, শিশুটির মা একটি রেস্তোরাঁয় কাজ করেন। রবিবার শিশুটি যখন বাড়ির উঠোনে খেলছিল তখন যুবকটি তাকে নিঃশব্দে তুলে নিয়ে যায়। তারপরে বেশ কিছুটা দূরে গিয়ে তার উপর যৌন নিগ্রহ করে। শিশুটির কান্নার শব্দ পেয়ে ছুটে যান তার ঠাকুমা। দেখেন, রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে তাঁরছোট্ট নাতনি। শরীরে আঘাতের চিহ্ন স্পষ্ট। এলাকার লোকজনই যুবকটিকে ধরে তুলে দেন পুলিশের হাতে। শিশুটিকে ভর্তি করা হয় ভারুচ সিটি হাসপাতালে। ব্যাপক রক্তক্ষরণের ফলে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানানো হয়েছে হাসপাতাল সূত্রে। ঘটনায় স্বাভাবিকভাবেই তীব্র নিন্দার ঝড় উঠেছে গুজরাত জুড়ে। সরব হয়েছে একাধিক মহল।




