আগামী ২৭ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু ফের পিছিয়ে গেল দিনক্ষণ। ২৭ নয়, আগামী ৩০ সেপ্টেম্বর এই মামলার শুনানি হবে শীর্ষ আদালতে। রাজ্যের আইনজীবীর আবেদনের ভিত্তিতে সমস্ত পক্ষের মতামত নিয়ে তা পিছোতে রাজি দেশের সর্বোচ্চ আদালত। জানা গিয়েছে, রাজ্য সরকারের তরফে সোমবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে মামলার শুনানি দু’থেকে তিন দিন পিছিয়ে দেওয়ার আর্জি জানায়।
এরপর প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ নির্দেশ দিয়েছিলেন, সোমবার বিষয়টি নিয়ে ফের আদালতের দৃষ্টি আকর্ষণ করতে। এদিন রাজ্যের আবেদনে সাড়া দিয়েছে শীর্ষ আদালত। প্রসঙ্গত, ইতিমধ্যেই আরজি কর কাণ্ডে তদন্তের অগ্রগতি নিয়ে সিবিআই দু’টি স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়েছে সুপ্রিম কোর্টে। গত শুনানিতে দ্বিতীয় রিপোর্ট দেখে দেশের প্রধান বিচারপতি ক্ষোভ জানিয়েছিলেন। তিনি উল্লেখ করেছিলেন, সিবিআই ঘুমোচ্ছে। তাদের এই তদন্তে এক সপ্তাহের মধ্যে শেষ হবে না। তা সময়সাপেক্ষ।




