বাংলার মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পর থেকেই নারী ক্ষমতায়নের উপর বিশেষ জোর দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। করেছেন একাধিক প্রকল্পের সূচনা। রাজ্যজুড়ে ব্যাপকভাবে জনপ্রিয় হয়েছে ‘কন্যাশ্রী’, ‘রূপ্রশ্রী’, ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রভৃতি প্রকল্পগুলি। ‘কন্যাশ্রী’ প্রকল্পটি বিশ্বদরবারেও বিশেষ স্বীকৃতি অর্জন করেছে। পেয়েছে ইউনেস্কোর পুরস্কার। পাশাপাশি, বাংলার মহিলাদের ভরসাস্থল হয়ে উঠেছে ‘লক্ষ্মীর ভাণ্ডার’। বাংলার বহু নারীকল্যাণমূলক প্রকল্প দেশে এমনকী দেশের বাইরেও সমাদৃত। মুখ্যমন্ত্রী তথা দলনেত্রীকে কৃতজ্ঞতা জানিয়ে পথে নামতে চলেছে মহিলা তৃণমূল নেতৃত্ব। তৃণমূলের মহিলা শাখার রাজ্য সভানেত্রী মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন, ৩০ সেপ্টেম্বর অর্থাৎ আগামী সোমবার পথে নামছেন তাঁরা। দুপুরে মানববন্ধন করবেন তাঁরা। মোট ৩৫ টি সাংগঠনিক এলাকায় পাঁচ কিলোমিটার করে গড়ে তোলা হবে মানববন্ধন।
উল্লেখ্য, এই কর্মসূচির মূল ভাবনা ‘আমার হাত তোমার হাতে, আমরা সবাই দিদির সাথে।’ কলকাতায় বিড়লা তারামণ্ডল থেকে ভিক্টোরিয়া হাউস পর্যন্ত মানববন্ধনে থাকবেন দলের সামনের সারির নেত্রীরা। এই সংক্রান্ত একটি লিফলেটও প্রকাশ করেছে দলের মহিলা শাখা। বাংলায় মেয়েদের জন্যেই সাতটি প্রকল্প রয়েছে। যার সুবিধা নিতে পারেন প্রত্যেক মহিলা। যার মধ্যে জনপ্রিয় কন্যাশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার। এছাড়া সবুজশ্রী, রূপশ্রী, স্বয়ংসিদ্ধার মতো প্রকল্পও মেয়েদের স্বনির্ভর করে তুলেছে। বাংলার সমাজ কল্যাণমূলক উদ্যোগগুলি আন্তর্জাতিক প্রশংসা অর্জন করেছে ইউনিসেফের তরফেও।




