আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। তারপরেই দুর্গোৎসবের আবহে মেতে উঠবে আপামর বাঙালি। আর পুজোর আগে ডায়মন্ড হারবারবাসীর ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দেওয়া ‘উৎসবের উপহার’। উপহারের ডালি স্থানীয় নেতা-কর্মীরাই দায়িত্ব নিয়ে সাধারণ মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছেন। স্বাভাবিকভাবেই খুশি আমজনতা। গত বছর পর্যন্ত পুজোর আগে ‘অভিষেকের উপহার’ কর্মসূচি অনুষ্ঠিত হত ডায়মন্ডহারবার লোকসভার সাতটি বিধানসভা কেন্দ্রে। সেখানে সাংসদ নিজে উপস্থিত থেকে পুজোর উপহার মানুষের হাতে তুলে দিতেন। এবছর উপহার দেওয়ার এই পদ্ধতিতে বদল আনা হয়েছে। অভিষেকের নির্দেশে, ডায়মন্ডহারবার এলাকার বাসিন্দাদের বাড়ি বাড়ি গিয়ে উপহার পৌঁছে দিয়ে আসছেন দলের স্থানীয় নেতৃবৃন্দ।
প্রসঙ্গত, রবিবার থেকে ঘরে ঘরে উপহার পৌঁছে দেওয়ার কাজ শুরু করেছেন ডায়মন্ডহারবার লোকসভা এলাকার অধীন তৃণমূল কংগ্রেস নেতারা। ২ অক্টোবর মহালয়ার আগেই সাধারণ মানুষের কাছে উপহার পৌঁছে দিতে চান দলীয় নেতারা। সাংসদ অভিষেকের দফতর থেকে বিধানসভাভিত্তিক উপহার পৌঁছে যাবে প্রত্যেক বুথে বুথে। এরপর নিজেদের সুবিধা মতো যত দ্রুত সম্ভব, সেই উপহার সাধারণ মানুষের কাছে পৌঁছে দেবেন বুথের দায়িত্বে থাকা নেতারা।




