Bihar মধ্যযুগীয় বর্বরতার সাক্ষী রইল বিজেপি জোটশাসিত বিহার। মোদীর অন্যতম শরিক নীতীশ কুমারের রাজ্যে এক যুবকের গোপনাঙ্গে লঙ্কার গুঁড়ো ঢুকিয়ে চলল পাশবিক অত্যাচার।আর্তনাদ করেও ছাড় পাননি সেই যুবক। উল্টে সেই ভিডিও তুলে ভাইরাল করা হয়েছে। কাজটিকে অমানবিক বলে বর্ণনা করে এবং একজনকে গ্রেফতার করেই দায় সেরেছে পুলিশ। ঘটনা নিয়ে বিজেপির সঙ্গে জোট করে ক্ষমতায় থাকা মুখ্যমন্ত্রীর মুখে কুলুপ! তোপ দেগেছেন আরজেডি নেতা তথা বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব। একহাত নিয়েছেন এনডিএ সরকারকে। এক্স হ্যান্ডেলে লিখেছেন, বিহারে চলছে তালিবান-রাজ। এটা নীতীশ কুমার-বিজেপির মহাগুন্ডারাজ-মহাজঙ্গলরাজ। এরা তালিবানের চেয়েও খারাপ। বোধশক্তি নেই মুখ্যমন্ত্রীর।
প্রসঙ্গত, বিহারের আরারিয়ায় ঘটেছে এই নির্মম নির্যাতনের ঘটনা। বাইক চুরির অভিযোগে এক যুবকের হাত বেঁধে, তার প্যান্ট নামিয়ে গোপনাঙ্গে লঙ্কার গুঁড়ো ঢেলে দেয় একদল লোক। নির্যাতনের ঘটনা মোবাইল ফোনে রেকর্ড করে ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। হাড় হিম করা এই ভিডিওতে দেখা যাচ্ছে, এক যুবকের হাত বেঁধে, প্যান্ট নীচে নামিয়ে তাঁকে সামনে দিকে ঝুঁকিয়ে ধরে রাখে। একজন তাঁর গোপনাঙ্গে লাল লঙ্কার গুঁড়ো ঢেলে পেন দিয়ে ঢুকিয়ে দেয়। অসহ্য যন্ত্রণায় চিৎকার করে ছেড়ে দেওয়ার আর্জি জানান নির্যাতিত যুবক।
লিঙ্কঃ https://x.com/ekhonkhobor18/status/1828719623249781188
পৈশাচিক আনন্দে হামলাকারীরা তখন দ্বিতীয় দফায় লঙ্কাগুঁড়ো ঢালছে। ভিড়ের মধ্যে একজন পুলিশ ডাকার কথা বললেও, বাকিরা তাতে রাজি হয়নি। তাদের মতে, পুলিশ চোরদের ছেড়ে দেয়। অর্থাৎ বিহারে পুলিশ-প্রশাসনের উপর যে সাধারণ মানুষের আস্থা নেই, তা স্পষ্ট। এই বিষয় নিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছে আরারিয়া পুলিশ। জানিয়েছে, চুরির অভিযোগে একজন ব্যক্তির সঙ্গে এই অমানবিক কাজ হয়েছে। একজনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে সাধারণ মানুষের মতে, তা নেহাতই লোক-দেখানো কাজ।




